রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

পদ্মায় বাসডুবির পরও বেপরোয়া পরিবহন, বাসের এক তৃতীয়াংশ ফেরির বাইরে

প্রবাহ বাংলা ডেস্ক ঢাকা, বাংলাদেশ প্রকাশিত: শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ৩:৪০ পিএম
পদ্মায় বাসডুবির পরও বেপরোয়া পরিবহন, বাসের এক তৃতীয়াংশ ফেরির বাইরে

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট-এ ভয়াবহ বাসডুবির রেশ কাটতে না কাটতেই নতুন করে আতঙ্ক ছড়িয়েছে আরেকটি ছবি। এবার পটুয়াখালীর বগা ফেরিঘাট এলাকায় ফেরিতে ওঠার সময় একটি বাসের ঝুঁকিপূর্ণ অবস্থানের ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।

ভাইরাল ছবিতে দেখা যায়, সাকুরা পরিবহনের একটি বাসের প্রায় এক-তৃতীয়াংশ ফেরির বাইরে ঝুলে আছে। আরও উদ্বেগজনক বিষয় হলো বাসটির ভেতরে তখনও যাত্রী অবস্থান করছিলেন। ঘটনাটি স্থানীয়দের মধ্যে তীব্র উদ্বেগ তৈরি করেছে।

শনিবার পটুয়াখালীর একটি ফেসবুক গ্রুপে ছবিগুলো পোস্ট হওয়ার পর দ্রুতই তা ছড়িয়ে পড়ে। পোস্টের ক্যাপশনে সতর্কবার্তা দিয়ে লেখা হয়, “বগা ফেরিঘাটে ফেরিতে বাস উঠছে এতটা রিস্ক নেওয়ার কি দরকার? দৌলতদিয়ার ঘটনা থেকে আমাদের অনেক কিছু শেখার ছিল।”

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

পোস্টটি ঘিরে নেটিজেনদের প্রতিক্রিয়াও ছিল ক্ষোভে ভরা। আল আমিন নামের এক ব্যবহারকারী মন্তব্য করেন, “একটা দুর্ঘটনা দেখেও আমরা শিক্ষা নিতে পারি না এটাই বাস্তবতা। মানুষের জীবনের চেয়ে টাকা বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেছে।”

অন্যদিকে মৃদুল নামের আরেকজন সরাসরি পরিবহন কোম্পানির সমালোচনা করে লেখেন, “এটা একমাত্র সাকুরার দ্বারাই সম্ভব যাত্রীদের নিরাপত্তা নিয়ে তাদের কোনো ভাবনা নেই।”

এর আগে গত বুধবার বিকেলে পদ্মা নদী তীরে দৌলতদিয়া ফেরিঘাট-এর ৩ নম্বর পন্টুনে ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা। কুষ্টিয়া থেকে ঢাকাগামী সৌহার্দ্য পরিবহনের একটি বাস ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। এ ঘটনায় এখন পর্যন্ত ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

একদিকে সাম্প্রতিক প্রাণহানির শোক, অন্যদিকে একই ধরনের ঝুঁকিপূর্ণ আচরণের পুনরাবৃত্তি সব মিলিয়ে ফেরিঘাটে নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে আবারও বড় প্রশ্ন উঠেছে। বিশেষজ্ঞরা বলছেন, কঠোর তদারকি ও সচেতনতা ছাড়া এমন দুর্ঘটনা ঠেকানো কঠিন।

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৭:১১ পিএম
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৪৩২ জন। শনিবার স্বাস্থ্য অধিদফতরের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চলতি বছর দেশে ডেঙ্গুতে এ পর্যন্ত ২১৪ জনের মৃত্যু হয়েছে। এ সময়ের মধ্যে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন মোট ৭১ হাজার ৫৩৬ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিনজনের মধ্যে দুজন ঢাকা বিভাগে এবং একজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার বাসিন্দা। মৃতদের মধ্যে দুজন পুরুষ ও একজন নারী রয়েছেন।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৭:০৯ পিএম
২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৬৪ জন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। শনিবার স্বাস্থ্য অধিদফতরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছর দেশে হাম ও হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৮৭ জনে। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছেন ১০১ জন। আর হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৯৮৬ জনের।

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা, খুলনা ও কুমিল্লা জেলায় একজন করে মারা গেছেন।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

এদিকে একই সময়ে ৮৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছরে দেশে নিশ্চিতভাবে হাম আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২১ হাজার ৯৯ জনে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় আরও ৯৮০ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। ফলে এ পর্যন্ত দেশে সন্দেহভাজন হামে আক্রান্তের মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৮৬ হাজার ৮১৩ জনে।

রাজধানীর বহুতল ভবনে আগুন

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৪৭ পিএম
রাজধানীর বহুতল ভবনে আগুন

রাজধানীর বনানীতে একটি বহুতল ভবনে আগুন লেগেছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে বনানীর এফ আর টাওয়ারের পাশের আহমেদ টাওয়ার নামের একটি ভবনে এ অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে ইতোমধ্যে ফায়ার সার্ভিসের ২ ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।

তবে তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত কীভাবে সে বিষয়ে কিছু জানা যায়নি। এ ছাড়া অগ্নিকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার গণমাধ্যমকর্মীদের কে অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

তিনি জানান, বিকেল ৫টা ৩৬ মিনিটের দিকে বনানীর ২৬ তলা ওই ভবনটিতে আগুনের খবর পাওয়া যায়। ইতোমধ্যে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।

প্রবাহ বাংলা নেটওয়ার্ক