রাজধানীর বেশিরভাগ পাম্পে মিলছে না তেল, উপচে পড়া ভিড়
রাজধানীর বিভিন্ন পেট্রোল পাম্পে জ্বালানি তেলের ঘাটতি দেখা দিয়েছে। অতিরিক্ত চাহিদার কারণে অনেক পাম্পেই পেট্রোল ও অকটেন পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেছেন যানবাহন চালকরা। শনিবার (৭ মার্চ) সকাল থেকেই পাম্পগুলোতে গাড়ি ও মোটরসাইকেলের দীর্ঘ সারি দেখা গেছে।
সরেজমিনে দেখা যায়, অনেক চালক ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও তেল পাচ্ছেন না। সরকারি নির্ধারিত নিয়ম অনুযায়ী সীমিত পরিমাণ তেল দেওয়ায় বেশিরভাগ গাড়িকেই খালি হাতে ফিরতে হচ্ছে। এ পরিস্থিতিতে কোথাও কোথাও ক্রেতা ও কর্মচারীদের মধ্যে বাকবিতণ্ডার ঘটনাও ঘটছে।
ভুক্তভোগীরা বলছেন, পাম্পগুলোর ওপর আরও কঠোর নজরদারি প্রয়োজন। তাদের আশঙ্কা, কেউ কেউ কৃত্রিম সংকট তৈরি করতে পারে।
তবে পাম্প মালিকদের দাবি, নির্ধারিত পরিমাণ জ্বালানি সরবরাহ না হওয়ায় এ পরিস্থিতি তৈরি হয়েছে। তারা জানান, স্বাভাবিক সময়ের তুলনায় হঠাৎ চাহিদা বেড়ে যাওয়ায় পাম্পগুলোতে চাপ তৈরি হয়েছে।
রাজধানীর পাশাপাশি দেশের বিভিন্ন জেলাতেও পেট্রোল পাম্পে ক্রেতাদের ভিড় দেখা গেছে। অনেক জায়গায় যানবাহনভিত্তিক কোটা মেনে তেল দেওয়া হচ্ছে। কোথাও কোথাও জ্বালানি শেষ হয়ে যাওয়ায় সাময়িকভাবে পাম্প বন্ধও রাখা হয়েছে।
সংশ্লিষ্টরা বলছেন, চাহিদা বেড়ে যাওয়ায় সাময়িক চাপ তৈরি হলেও দেশে জ্বালানি তেলের কোনো বড় সংকট নেই।











