আ.লীগের হামলায় বিএনপির ২ কর্মী নিহত
সিরাজগঞ্জের রায়গঞ্জে একটি খাস পুকুর দখলকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকদের সঙ্গে সংঘর্ষে বিএনপির দুই কর্মী নিহত হয়েছেন। নিহতরা হলেন গোয়ালপাড়া গ্রামের ইসমাইল (৭০) এবং আব্দুস সালাম (৬০)।
এ ঘটনা সোমবার (২ মার্চ) সকালে উপজেলার ধামাইনগর ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামে ঘটে। সংঘর্ষের পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম কিবরিয়া জানান, গোয়ালপাড়া গ্রামে ৫ বিঘা আয়তনের একটি খাস পুকুর নিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয় আওয়ামী লীগ সমর্থক আছমত আলী এবং বিএনপি নেতা আবু বক্কার সিদ্দিকের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। আছমত আলী বিগত ১৫/১৬ বছর ধরে পুকুরটি চাষাবাদ করে আসছিলেন, তবে গত বছরের ৫ আগস্টের পর আবু বক্কার সিদ্দিক ৩ বছরের জন্য পুকুরটি লিজ নিয়ে মাছ চাষ শুরু করেন।
সোমবার সকালে পুকুরে মাছ ধরতে গেলে আছমত আলীর লোকজন বাধা দেন, যা সংঘর্ষে রূপ নেয়। হাসুয়া, দা, লাঠিসোটা দিয়ে উভয়পক্ষ রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে আওয়ামী লীগ সমর্থিত চারজন এবং বিএনপি সমর্থিত সাতজন গুরুতর আহত হন।
পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় এবং আহতদের হাসপাতালে পাঠানো হয়। দুপুর ২টার দিকে ইসমাইল হোসেন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে এবং আব্দুস সালাম সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এ ঘটনায় ধামাইনগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. রমজান আলী দাবি করেন, “আওয়ামী লীগ সমর্থিতরা দীর্ঘদিন ধরে পুকুরটি দখল করে রেখেছিল এবং আবু বক্কার সিদ্দিকের মাছ ধরার চেষ্টা করলেই তারা বাধা দিত।” তিনি হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানান।
এদিকে, অতিরিক্ত পুলিশ সুপার (রায়গঞ্জ সার্কেল) মো. সাইফুল ইসলাম খান বলেন, “পুকুর নিয়ে সংঘর্ষে বিএনপির দুজন কর্মী মারা গেছেন এবং অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।” এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।











