মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করতে রাজনৈতিক দলগুলোকে আহ্বান প্রধানমন্ত্রীর
ছবিঃ সংগৃহীত
বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মানুষের ভাগ্য বদলে দেওয়ার জন্য রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, আল্লাহর দরবারে সেই রহমত চাই যার মাধ্যমে দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করার তৌফিক দেওয়া হোক।
শনিবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জামায়াতে ইসলামীর আমন্ত্রণে আয়োজিত ইফতার মাহফিলে অংশ নিয়ে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এ আহ্বান জানান। জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে একই টেবিলে বসে ইফতার করেন তারেক রহমান; তাঁদের পাশে ছিলেন বিএনপি ও জামায়াতের শীর্ষ নেতারা।
ইফতার দাওয়াতের জন্য জামায়াত নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে তারেক বলেন, আসুন আল্লাহর নামে শপথ নিই যে আগামী কাজগুলো হবে দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য। তিনি উল্লেখ করেন, বাংলাদেশের মানুষ প্রত্যাশা, আকাঙ্ক্ষা ও আশায় রাজনৈতিক দলগুলোর দিকে তাকিয়ে আছে।
প্রধানমন্ত্রী বলেন, দেশ এক গুরুত্বপূর্ণ সময়ে রয়েছে; সম্প্রতি নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছে। এর জন্য মানুষ প্রায় এক দশক অত্যাচার, নির্যাতন, গুম-হত্যার শিকার হয়েছে বলে তিনি উল্লেখ করেন। এই ত্যাগের বিনিময়ে বাক-ব্যক্তি স্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ায় আল্লাহর কাছে শুকরিয়া আদায়ের আহ্বান জানান তারেক।
ইফতারে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, শিক্ষামন্ত্রী এএনএম এহছানুল হক মিলন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, মঈন খান, খেলাফত মজলিসের আমির মামুনুল হক, জামায়াতের নায়েবে আমির ও সংসদ সদস্য সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, জাতীয় পার্টির মুখপাত্র রাশেদ প্রধান, এনসিপির সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন, এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরউদ্দীন পাটওয়ারী, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, এলডিপির সভাপতি অলি আহমদসহ বিভিন্ন দলের নেতা, সংসদ সদস্য, বিশিষ্ট ব্যক্তি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।











