ত্রয়োদশ জাতীয় সংসদ
২৬ ফেব্রুয়ারি জাতীয় সংসদের প্রথম অধিবেশন
আগামী ২৬ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হতে পারে। বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকারের সংসদীয় যাত্রা শুরুর বিষয়ে সংসদ সচিবালয় সূত্রে এমন আভাস পাওয়া গেছে।
সংবিধানের ৭২ অনুচ্ছেদের ২ নম্বর উপধারা অনুযায়ী, জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে রাষ্ট্রপতিকে প্রথম অধিবেশন আহ্বান করতে হয়। প্রধানমন্ত্রীর লিখিত পরামর্শের ভিত্তিতেই তিনি অধিবেশন ডাকেন। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের গেজেট ১৩ ফেব্রুয়ারি প্রকাশিত হয়েছে। সে হিসেবে ১৪ মার্চের মধ্যে অধিবেশন বসানো সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। নবনির্বাচিত সংসদ সদস্যরা ১৭ ফেব্রুয়ারি শপথ গ্রহণ করেছেন।
এর আগে দ্বাদশ জাতীয় সংসদের সদস্যরা ২০২৪ সালের ১০ জানুয়ারি শপথ নিলেও প্রথম অধিবেশন বসেছিল ৩০ জানুয়ারি। কারণ একাদশ সংসদের মেয়াদ শেষ হয়েছিল ২৯ জানুয়ারি। তবে এবার আগের সংসদ ভেঙে যাওয়ায় নতুন অধিবেশন শুরু করতে তুলনামূলক কম সময় লাগছে।
সংসদ সচিবালয় সূত্র জানায়, বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংসদ সচিবালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে ২৫ অথবা ২৬ ফেব্রুয়ারি অধিবেশন শুরুর বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ বিষয়ে সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা গণমাধ্যমকে বলেন, এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক নির্দেশনা পাওয়া যায়নি। তবে সংবিধান অনুযায়ী নির্ধারিত সময়সীমার মধ্যে অধিবেশন আয়োজনের জন্য সব ধরনের প্রস্তুতি রাখা হচ্ছে।
সংসদের প্রথম অধিবেশনেই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনসহ গুরুত্বপূর্ণ কার্যক্রম সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।











