শরীফ ওসমান হাদি হত্যার তদন্তে জাতিসংঘের সহায়তা চাইল সরকার
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের তদন্তে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয় (ওএইচসিএইচআর)-এর সহযোগিতা চেয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার।
রোববার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় জেনেভায় বাংলাদেশ স্থায়ী মিশন গত ৬ ফেব্রুয়ারি ওএইচসিএইচআরের কাছে একটি নোট ভারবাল পাঠিয়েছে। ওই আনুষ্ঠানিক বার্তায় হত্যাকাণ্ডের তদন্তে কারিগরি ও প্রাতিষ্ঠানিক সহায়তা দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
জেনেভাস্থ বাংলাদেশ মিশন জানিয়েছে, জাতিসংঘের মানবাধিকার দপ্তরের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া গেলে তা দ্রুত পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করা হবে।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর ঢাকার বিজয়নগর এলাকায় গুলিবিদ্ধ হন শরীফ ওসমান হাদি। পরে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তার মৃত্যু হয়।
সরকার জানিয়েছে, এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে তারা বদ্ধপরিকর। তদন্তে আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড অনুসরণ করে সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে বলেও জানানো হয়েছে।












