মাদারীপুরে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, দুই শতাধিক হাতবোমা বিস্ফোরণ
মাদারীপুরের কালকিনিতে বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় দুই পক্ষের ছোড়া দুই শতাধিক হাতবোমা বিস্ফোরিত হয়। শুক্রবার (২৭ নভেম্বর) রাতের এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লে ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে নিরাপদ স্থানে সরে যান।
রাত ৯টার দিকে কালকিনি পৌর মাছবাজার এলাকায় সংঘর্ষের সূত্রপাত হয়। খবর পেয়ে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন।
পুলিশ সূত্রে জানা যায়, শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কালকিনি উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক সোহেল রানার নেতৃত্বে যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা পৌর এলাকার ঠেঙ্গামারা গ্রাম থেকে একটি মিছিল বের করেন। মিছিলটি পৌর মাছবাজার অতিক্রম করে উপজেলা সদরের দিকে যাওয়ার সময় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরাও পাল্টা মিছিল বের করেন।
একপর্যায়ে দুই পক্ষ মুখোমুখি হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। শুরু হয় ধাওয়া-পাল্টাধাওয়া। এ সময় উভয় পক্ষের ছোড়া হাতবোমার বিস্ফোরণে আশপাশের এলাকায় আতঙ্ক তৈরি হয়।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন মুন্সি বলেন, তাঁরা শান্তিতে বিশ্বাস করেন এবং কোনো ধরনের দ্বন্দ্ব চান না। তবে নিষিদ্ধ আওয়ামী লীগ নৈরাজ্য সৃষ্টি করছে বলে অভিযোগ করেন তিনি।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান মাহমুদ বলেন, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও এসআরবি মোতায়েন করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কিশোর কুমার জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।










