সিআইএ ও মার্কিন গোয়েন্দা দপ্তরের ওয়েবসাইটে সাইবার হামলা
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি (সিআইএ) এবং জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালকের দপ্তর দ্য ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্সের (ওডিএনআই) ওয়েবসাইটে সাইবার হামলার ঘটনা ঘটেছে। এতে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস হয়েছে।
তবে ফাঁস হওয়া তথ্যগুলো আন-ক্লাসিফায়েড শ্রেণির। অর্থাৎ এসব তথ্য যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা-সংক্রান্ত গোপনীয়, অতি গোপনীয় বা অত্যন্ত গোপনীয় তথ্যের শ্রেণিবিন্যাসের আওতায় পড়ে না। আন-ক্লাসিফায়েড তথ্য ব্যবহারের জন্য স্বয়ংক্রিয়ভাবে নিরাপত্তা ছাড়পত্রেরও প্রয়োজন হয় না।
ঘটনার তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বিভাগ। হ্যাকাররা কতটা গভীরে প্রবেশ করতে পেরেছে, তা খতিয়ে দেখছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। একই সঙ্গে আক্রান্ত নেটওয়ার্কগুলোর নিরাপত্তা জোরদারে কাজ চলছে।
এক গোয়েন্দা কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, ফাঁস হওয়া তথ্যগুলো ক্লাসিফায়েড নয়, এমন সিস্টেমে সংরক্ষিত ছিল। অত্যন্ত গোপন গোয়েন্দা তথ্য কিংবা সংবেদনশীল কার্যক্রমের বিবরণ থাকা ক্লাসিফায়েড নেটওয়ার্ক আক্রান্ত হওয়ার কোনো ইঙ্গিত এখন পর্যন্ত পাওয়া যায়নি।
কী পদ্ধতিতে হ্যাকাররা সিস্টেমে প্রবেশ করেছে, সে বিষয়ে কর্মকর্তারা এখনো বিস্তারিত জানাননি। তবে অনুপ্রবেশের প্রভাব কমানো এবং ভবিষ্যতে অননুমোদিত প্রবেশ ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন তারা।
ক্লাসিফায়েড ও আন-ক্লাসিফায়েড সিস্টেমে কী ধরনের তথ্য থাকে
সিআইএ ও ওডিএনআইয়ের কার্যক্রম পরিচালনায় দুই ধরনের ডিজিটাল নেটওয়ার্ক ব্যবহৃত হয়। এগুলো হলো ক্লাসিফায়েড ও আন-ক্লাসিফায়েড নেটওয়ার্ক। ক্লাসিফায়েড ব্যবস্থায় অত্যন্ত সংবেদনশীল গোয়েন্দা তথ্য এবং জাতীয় নিরাপত্তা-সংশ্লিষ্ট বিষয় সংরক্ষণ করা হয়। অন্যদিকে, আন-ক্লাসিফায়েড নেটওয়ার্ক ব্যবহার করা হয় প্রশাসনিক কার্যক্রম, সরকারি সংস্থাগুলোর মধ্যে তথ্য আদান-প্রদান, ঠিকাদারদের সঙ্গে সমন্বয় এবং জনসাধারণের জন্য উন্মুক্ত গোয়েন্দা তথ্য ব্যবস্থাপনায়।
এসব নেটওয়ার্ক বাইরের বিভিন্ন সরবরাহকারী প্রতিষ্ঠান, সফটওয়্যার নির্মাতা এবং ইন্টারনেট-সংযুক্ত প্ল্যাটফর্মের সঙ্গেও যুক্ত থাকে। ফলে এগুলোতে বিস্তৃত পরিসরে সাইবার হামলার ঝুঁকি তৈরি হয়।
ঘটনার কারণ ও ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ করছেন কেন্দ্রীয় সরকারের সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ এবং সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা। হামলাকারীরা কীভাবে নেটওয়ার্কে প্রবেশ করেছে এবং কোন ধরনের তথ্য উন্মুক্ত হয়ে থাকতে পারে, তা শনাক্তের চেষ্টা চলছে।
তদন্তে যুক্ত রয়েছে যুক্তরাষ্ট্রের সাইবার নিরাপত্তা সংস্থা সাইবার সিকিউরিটি অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার সিকিউরিটি এজেন্সি (সিআইএসএ) এবং দেশটির গোয়েন্দা ও আইন প্রয়োগকারী সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)। দুর্বলতা শনাক্ত, অনুপ্রবেশের প্রভাব নিয়ন্ত্রণ এবং ক্ষতিগ্রস্ত সিস্টেমগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে তারা সহায়তা করছে।
তবে এ হামলার পেছনে কোনো নির্দিষ্ট দেশ কিংবা হ্যাকার গোষ্ঠীর সংশ্লিষ্টতার কথা এখনো জানায়নি মার্কিন কর্মকর্তারা।
সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রে ধারাবাহিকভাবে সাইবার হামলার ঘটনা ঘটছে। সর্বশেষ এই হামলার কয়েক দিন আগে এফবিআই তাদের ন্যাশনাল ক্রাইম ইনফরমেশন সেন্টারের (এনসিআইসি) ওয়েবসাইটে অননুমোদিত প্রবেশের বিষয়টি প্রকাশ করে। এই তথ্যভান্ডারটি ফেডারেল, অঙ্গরাজ্য ও স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থাগুলো অপরাধীদের রেকর্ডসহ বিভিন্ন তথ্য আদান-প্রদানে ব্যবহার করে। জানা গেছে, চলতি বছরে এফবিআই-সংশ্লিষ্ট দ্বিতীয় সাইবার অনুপ্রবেশের ঘটনা এটি।
এদিকে, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের কৃষি মন্ত্রণালয়ও (ইউএসডিএ) সাইবার হামলার শিকার হয়েছে। এতে কৃষিঋণ ব্যবস্থাপনা, ভর্তুকি বিতরণ এবং সংরক্ষণ কর্মসূচি পরিচালনায় ব্যবহৃত একটি সিস্টেম ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার তদন্ত চলাকালে মন্ত্রণালয়টি সাময়িকভাবে আক্রান্ত কয়েকটি সিস্টেম বন্ধ করে দেয়। কর্মকর্তারা জানিয়েছেন, এ ঘটনায় ব্যক্তিগত তথ্য চুরির কোনো প্রমাণ পাওয়া যায়নি।
এ ছাড়া ইলিনয়ের ফক্স নদীর ওপর অবস্থিত অ্যালগনকুইন বাঁধেও সাইবার ঘটনার খবর পাওয়া গেছে। পাশাপাশি পেন্টাগন এবং ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির সঙ্গে সংশ্লিষ্ট সাইবার হামলার ঘটনাও বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে।










