বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রের কাছে ২৯ হাজার কোটি ডলার ক্ষতিপূরণ দাবি ইরানের

অনলাইন ডেস্ক প্রকাশিত: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১২:৩৬ পিএম
যুক্তরাষ্ট্রের কাছে ২৯ হাজার কোটি ডলার ক্ষতিপূরণ দাবি ইরানের

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে ওয়াশিংটনের বিরুদ্ধে অত্যন্ত কঠোর অবস্থান নিয়েছে ইরান। কয়েক দশকের মার্কিন কর্মকাণ্ডে সৃষ্ট ক্ষয়ক্ষতির জন্য যুক্তরাষ্ট্রের কাছে ২৯ হাজার কোটি ডলার ক্ষতিপূরণ দাবি করেছে তেহরান। পাশাপাশি ইরানের ওপর আরোপিত যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ মোকাবিলায় সব ধরনের পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে দেশটি এবং পরিস্থিতির আরও অবনতি হলে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোতে হামলার বিষয়টিও সক্রিয়ভাবে বিবেচনা করছে ইরান। সোমবার (২৩ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এবং রাষ্ট্রীয় টেলিভিশনে বিচার বিভাগের আইনজীবী বিষয়ক কেন্দ্রের প্রধান হাসান আবদোলিয়ানপুর এসব তথ্য নিশ্চিত করেন।

হাসান আবদোলিয়ানপুর জানান, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে দায়ের করা মামলায় ইরানের বিভিন্ন আদালত থেকে ২৯ হাজার কোটি ডলার ক্ষতিপূরণ আদায়ের পক্ষে রায় এসেছে। পাশাপাশি ইরানে হামলা চালানোর জন্য নিজেদের ভূখণ্ড ব্যবহারের সুযোগ দেওয়ার অভিযোগে উপসাগরীয় আরব দেশগুলোর বিরুদ্ধেও একাধিক মামলা দায়ের করা হয়েছে। অন্যদিকে, সংবাদ সম্মেলনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও নৌ অবরোধকে সরাসরি ‘সামরিক আগ্রাসন’ হিসেবে অভিহিত করে বলেন, ওয়াশিংটনের এই পদক্ষেপ তেহরান কোনোভাবেই মেনে নেবে না এবং জাতিসংঘ সনদের ৫১ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী আত্মরক্ষার স্বার্থে ইরান তার হাতে থাকা সব ধরনের উপায় প্রয়োগ করবে।

উল্লেখ্য, চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলায় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও জ্যেষ্ঠ কর্মকর্তাদের মৃত্যুর পর থেকে মধ্যপ্রাচ্যজুড়ে এই সংঘাত ছড়িয়ে পড়ে। এর জেরে গত ১৩ এপ্রিল ইরানের ওপর নৌ অবরোধ আরোপ করে যুক্তরাষ্ট্র, যা জুনে একটি খসড়া সমঝোতার পর প্রত্যাহার করা হলেও সমঝোতা ভেঙে যাওয়ায় ১৪ জুলাই পুনরায় কার্যকর করা হয়। ইরানের মোট আমদানি-রপ্তানির ৮০ শতাংশের বেশি হরমুজ প্রণালি ও দক্ষিণাঞ্চলীয় বন্দর দিয়ে পরিবাহিত হওয়ায় এই অবরোধে দেশটির বাণিজ্যিক কার্যক্রম ও অর্থনীতি তীব্র চাপের মুখে পড়েছে। সংঘাত নিরসনে কূটনৈতিক তৎপরতা স্থবির হয়ে পড়ায় ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, যুক্তরাষ্ট্র যুদ্ধ বন্ধ, নৌ অবরোধ প্রত্যাহার এবং নিষেধাজ্ঞা তুলে নেওয়ার শর্ত মেনে নিলে মাত্র দুই দিনের মধ্যেই হরমুজ প্রণালি খুলে দেওয়া ও পুরো অঞ্চলে নিরাপত্তা ফিরিয়ে আনা সম্ভব।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

২৩ দিনে ৯৯ যানবাহনে আগুন, ১২১ ককটেল বিস্ফোরণ: পুলিশ

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৮:০৫ পিএম
২৩ দিনে ৯৯ যানবাহনে আগুন, ১২১ ককটেল বিস্ফোরণ: পুলিশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা গত ২৩ দিনে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ৯৯টি যানবাহনে অগ্নিসংযোগ করেছেন। একই সময়ে পুলিশের স্থাপনাসহ বিভিন্ন এলাকায় ১২১টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পুলিশ সদর দপ্তর সূত্রে এসব তথ্য জানা গেছে।

পুলিশের প্রতিবেদন অনুযায়ী, চলতি নভেম্বরের প্রথম ২৩ দিনে সারা দেশে ককটেল ও বোমা বিস্ফোরণ এবং যানবাহনে আগুন দেওয়ার ২১৩টি ঘটনার তথ্য পেয়েছে পুলিশ। এসব ঘটনায় একজন নিহত ও ১১ জন আহত হয়েছেন। দেশজুড়ে এসব নাশকতার ঘটনায় ৬২টি মামলা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মীকে।

একই সময়ে রাজধানী ঢাকা, গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় আওয়ামী লীগ, কৃষক লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা ৭২টি ঝটিকা মিছিল করেছেন। এসব ঘটনায় ২২টি মামলা দায়ের করা হয়েছে। এ ছাড়া পাঁচটি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে এবং গ্রেপ্তার হয়েছেন ৬৬ জন।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ডাকা লকডাউনসহ বিভিন্ন কর্মসূচিতে পুলিশ সদস্য ও পুলিশের স্থাপনাগুলোকে অন্যতম লক্ষ্যবস্তু করা হয়। একই সঙ্গে সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নোবেলজয়ী প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকও এসব কর্মসূচির লক্ষ্য ছিল।

পুলিশের পরিসংখ্যানে দেখা গেছে, সিআইডির প্রধান কার্যালয়, পল্লবী থানা ও টুঙ্গিপাড়া থানাসহ পুলিশের বিভিন্ন স্থাপনায় হামলা, যানবাহনে অগ্নিসংযোগ এবং ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এসব হামলায় পুলিশের ২১ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় একটি মামলা হয়েছে এবং চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

এ ছাড়া দেশের বিভিন্ন এলাকায় গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে ককটেল ও বোমা বিস্ফোরণ এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গত ২৩ দিনে এ ধরনের ৩৪টি ঘটনার তথ্য প্রতিবেদনে উল্লেখ করেছে পুলিশ। এসব ঘটনায় কেউ হতাহত হননি। গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে হামলা ও নাশকতার ঘটনায় বিভিন্ন থানায় আটটি মামলা এবং ১৯টি সাধারণ ডায়েরি হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে আটজনকে।

অন্যদিকে, দেশের বিভিন্ন স্থানে জুলাই যোদ্ধাদের স্মরণে নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভে হামলা ও অগ্নিসংযোগের দুটি ঘটনার তথ্যও প্রতিবেদনে উঠে এসেছে। এসব ঘটনায় দুটি মামলা দায়ের করা হয়েছে এবং ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

রুয়েটে ভর্তি পরীক্ষার আবেদন শুরু ১২ ডিসেম্বর

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৮:০১ পিএম
রুয়েটে ভর্তি পরীক্ষার আবেদন শুরু ১২ ডিসেম্বর

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদন গ্রহণ শুরু হবে আগামী ১২ ডিসেম্বর। আবেদন করার শেষ সময় ২০২৭ সালের ৭ জানুয়ারি। আগামী ২৮ জানুয়ারি (বৃহস্পতিবার) রুয়েট ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) একই প্রশ্নপত্রে একযোগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

নির্ধারিত যোগ্যতা পূরণকারী শিক্ষার্থীরা রুয়েটের ভর্তি-সংক্রান্ত ওয়েবসাইট https://admission.ruet.ac.bd/-এর মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর একই ওয়েবসাইট থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে। বিশ্ববিদ্যালয়টির ১২০০-এর বেশি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন ১৮ হাজার শিক্ষার্থী।

ভর্তিচ্ছুদের সুবিধার কথা বিবেচনা করে এবার রুয়েটের পাশাপাশি বুয়েট কেন্দ্রেও পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা পরিচালনা-সংক্রান্ত স্টিয়ারিং কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাকের উপস্থিতিতে সভায় সভাপতিত্ব করেন সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ও ভর্তি পরীক্ষা স্টিয়ারিং কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. কামরুজ্জামান।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

সভায় নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী, ভর্তি-সংক্রান্ত যাবতীয় তথ্য, আবেদনের পদ্ধতি, প্রবেশপত্র সংগ্রহ, আসনবিন্যাস এবং ফল প্রকাশের তারিখ বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ওয়েবসাইটে জানানো হবে।

ভর্তি পরীক্ষা বহুনির্বাচনি (এমসিকিউ) পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। ‘ক’ ও ‘খ’—উভয় গ্রুপের পরীক্ষার্থীদের উচ্চতর গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন ও ইংরেজি বিষয়ে ৮০টি প্রশ্নের জন্য মোট ৪০০ নম্বরের পরীক্ষায় অংশ নিতে হবে।

অন্যদিকে, ‘খ’ গ্রুপে ভর্তিচ্ছুদের অতিরিক্ত ২০০ নম্বরের পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এ পরীক্ষায় থাকবে মুক্তহস্ত অঙ্কন এবং দৃষ্টিগত ও স্থানিক ধীশক্তি যাচাইয়ের পরীক্ষা।

 

চাঁদপুরে খামারের বিদ্যুতের তার চুরি করতে গিয়ে প্রাণ গেল শাওনের

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৭:৫৮ পিএম
চাঁদপুরে খামারের বিদ্যুতের তার চুরি করতে গিয়ে প্রাণ গেল শাওনের

চাঁদপুরের হাজীগঞ্জে মুরগির খামারের বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাওন (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। পরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সহায়তায় তাঁর পরিচয় শনাক্ত করা হয়।

বুধবার (২৫ নভেম্বর) দুপুরে উপজেলার হাজীগঞ্জ সদর ইউনিয়নের মাতৈন পাটওয়ারী বাড়ির একটি মুরগির খামার থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত শাওন বড়কুল পশ্চিম ইউনিয়নের নাটেহারা গ্রামের বিল্লাল হোসেনের ছেলে।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৪ নভেম্বর) দিবাগত রাতের কোনো একসময় মাতৈন পাটওয়ারী বাড়ির রাসেল নামের এক ব্যক্তির মুরগির খামারের বিদ্যুতের ক্যাবল কেটে চুরির চেষ্টা করেন শাওন। এ সময় কাঁচি দিয়ে বিদ্যুতের তার কাটতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়েছে বলে ধারণা করছেন স্থানীয়রা।

বুধবার সকালে খামারের মালিক রাসেল সেখানে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট অবস্থায় শাওনের মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে তিনি পুলিশকে খবর দেন। খবর পেয়ে হাজীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) জুয়েল সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন।

প্রাথমিকভাবে মরদেহের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চাঁদপুর কার্যালয়ের একটি দল ঘটনাস্থলে গিয়ে তাঁর পরিচয় নিশ্চিত করে।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কাওসার ভূঁইয়া জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

প্রবাহ বাংলা নেটওয়ার্ক