নড়াইলে হিন্দু বাড়িতে হামলার খবর গুজব, জানাল পুলিশ
নড়াইলের কালিয়া উপজেলার বেন্দারচর গ্রামে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের যে তথ্য ছড়ানো হচ্ছে, তা পুরোপুরি ভিত্তিহীন ও গুজব বলে জানিয়েছে জেলা পুলিশ। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, সম্প্রতি সংঘটিত জোড়া খুনের ঘটনার জেরে নিহতদের বিক্ষুব্ধ স্বজনেরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মীর বাড়িতে হামলা চালান। ওই এলাকায় কোনো হিন্দু বসতি নেই এবং সংখ্যালঘু সম্প্রদায়ের কারও ওপর হামলার ঘটনাও ঘটেনি।
শনিবার (২১ নভেম্বর) নড়াইলের পুলিশ সুপারের কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ১৮ নভেম্বর সন্ধ্যা ৬টার দিকে কালিয়ায় দুর্বৃত্তদের হামলায় শাহীন শেখ (৪৫) ও সোহেল মোল্লা (৪০) নিহত হন। নিহত শাহীন কালিয়া পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক এবং সোহেল কালিয়া উপজেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সাধারণ সম্পাদক ছিলেন। এ হত্যাকাণ্ডের পরপরই অভিযান চালিয়ে বেন্দারচর গ্রামের দিপা বিশ্বাস (৩১) ও রাকিব বিশ্বাসকে (২১) গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ জানায়, ওই জোড়া খুনের ঘটনায় ক্ষুব্ধ হয়ে গত ২০ নভেম্বর বিকেল পৌনে ৫টার দিকে নিহতদের স্বজন ও স্থানীয় কিছু লোক বেন্দারচর গ্রামে সমবেত হন। একপর্যায়ে তাঁরা হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মীর বাড়িঘরে হামলা চালান। খবর পেয়ে কালিয়া থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক আছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও দাবি করা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগের যে প্রচারণা চালানো হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা। পুরোনো এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি ভিডিও ও ছবি ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টির পাশাপাশি দেশ-বিদেশে সরকার ও দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।













