পুতিনকে ‘খুনি’ বললেন জেলেনস্কি, ট্রাম্পের মন্তব্যের জবাব
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘বন্ধু’ হিসেবে অভিহিত করার পর তাঁকে ‘খুনি’ বলে আখ্যা দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেছেন, পুতিনকে ট্রাম্প কী নামে সম্বোধন করবেন, সেটি তাঁর ব্যক্তিগত বিষয়। তবে ইউক্রেনের কাছে পুতিন একজন শত্রু ও হত্যাকারী।
সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি এসব কথা বলেন। তিনি বলেন, পুতিনকে কী নামে অভিহিত করবেন, তা মার্কিন প্রেসিডেন্টের সিদ্ধান্ত। তবে তাঁদের কাছে তিনি একজন শত্রু এবং হত্যাকারী।
এর আগে বৃহস্পতিবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও পুতিনের সঙ্গে ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠকের আগে রুশ প্রেসিডেন্টকে নিজের বন্ধু বলে উল্লেখ করেন ট্রাম্প। দুই নেতার মধ্যে বহু বছর ধরে চমৎকার সম্পর্ক রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
এদিকে ইউক্রেনে রাশিয়ার ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় প্রাণহানির ঘটনা ঘটেছে। কর্মকর্তাদের বরাতে জানা গেছে, মধ্যাঞ্চলীয় দনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের ক্রিভি রিহ শহরে রাতভর চালানো হামলায় এক বালকসহ দুজন নিহত হয়েছেন। শহরটি জেলেনস্কির নিজ শহর হিসেবে পরিচিত। এ হামলায় আহত হয়েছেন অন্তত ৫২ জন।
শুক্রবার রাজধানী কিয়েভের একটি সেতু এবং পশ্চিম ইউক্রেনের একটি রেলস্টেশন লক্ষ্য করেও হামলা চালায় রুশ বাহিনী। এসব হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত নয়জন।
ইউক্রেনের প্রেসিডেন্টের দেওয়া তথ্য অনুযায়ী, রাশিয়া এসব হামলায় ২৭টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রসহ মোট ১১০টি ক্ষেপণাস্ত্র এবং ৪০০টির বেশি ড্রোন ব্যবহার করেছে। চলতি বছরে এটিকে রাশিয়ার সবচেয়ে বড় হামলা বলে উল্লেখ করেছেন তিনি।
ইউক্রেনের পক্ষ থেকে ক্রিমিয়ান সেতু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করার কয়েক দিন পরই রাশিয়ার এই বড় ধরনের হামলার ঘটনা ঘটল।










