মিস ইউনিভার্সের মঞ্চেই সিনেমায় অভিষেক হচ্ছে মাহির
মিস ইউনিভার্সের ৭৫তম আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন অভিনেত্রী ও মডেল সামিরা খান মাহি। দর্শকদের ভোটে ইতোমধ্যে সেরা ৩০ প্রতিযোগীর তালিকায় জায়গা করে নিয়েছেন তিনি। দেশের মানুষের সমর্থন ও ভালোবাসা নিয়ে বিশ্বমঞ্চে নিজের সেরাটা তুলে ধরার প্রত্যয়ও জানিয়েছেন এই মডেল-অভিনেত্রী।
বিশ্বসুন্দরী প্রতিযোগিতার ব্যস্ততার মধ্যেই মাহির ভক্তদের জন্য এসেছে নতুন খবর। প্রথমবারের মতো পূর্ণদৈর্ঘ্য সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন তিনি।
জানা গেছে, প্রথমবারের মতো পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণে নামছেন নির্মাতা কিসলু গোলাম হায়দার। বিজ্ঞাপন নির্মাণে দুই দশকের বেশি অভিজ্ঞতা রয়েছে তার। পাশাপাশি নাটক ও টেলিফিল্ম নির্মাতা হিসেবেও পরিচিতি রয়েছে। তার প্রথম সিনেমা ‘মস্তান’-এ অভিনয়ের মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক হবে সামিরা খান মাহির।
আন্ডারওয়ার্ল্ড ও গ্যাংস্টারদের জীবনকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে সিনেমাটির গল্প। এতে মাহির পাশাপাশি অভিনয় করবেন চঞ্চল চৌধুরী, আরিফিন শুভ ও তমা মির্জা। নির্মাতা নিজেই গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তবে সিনেমার কাহিনি কিংবা অভিনয়শিল্পীদের চরিত্র সম্পর্কে এখনই বিস্তারিত জানাতে রাজি হননি কিসলু গোলাম হায়দার। তিনি জানিয়েছেন, গ্যাংস্টারদের জীবন ও আন্ডারওয়ার্ল্ডের বিভিন্ন ঘটনাকে ঘিরেই এগিয়ে যাবে সিনেমার গল্প।
নির্মাতা আরও জানান, চলতি মাসের শেষ দিকে ঢাকার বাইরে সিনেমাটির শুটিং শুরু করার পরিকল্পনা রয়েছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে ২০২৭ সালে প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার ইচ্ছা রয়েছে তার।
এদিকে, এবারের মিস ইউনিভার্স প্রতিযোগিতার আয়োজন বসেছে ক্যারিবীয় দ্বীপপুঞ্জের দেশ পুয়ের্তো রিকোতে। আন্তর্জাতিক এ সুন্দরী প্রতিযোগিতায় অংশ নিতে গত ৮ নভেম্বর দেশ ছেড়েছেন সামিরা খান মাহি। ১১ নভেম্বর থেকে শুরু হয়েছে প্রতিযোগিতার আনুষ্ঠানিক কার্যক্রম। এতে বিশ্বের শতাধিক দেশের প্রতিযোগী অংশ নিচ্ছেন। আগামী ২৪ নভেম্বর অনুষ্ঠিত হবে এবারের আসরের চূড়ান্ত আয়োজন।













