বাংলাদেশের পরিস্থিতি অভ্যন্তরীণ বিষয়, মন্তব্য নেই ভারতের
বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কোনো মন্তব্য করতে চায় না ভারত। দেশটিতে চলমান ঘটনাপ্রবাহকে একান্তই অভ্যন্তরীণ বিষয় হিসেবে দেখছে নয়াদিল্লি।
গত প্রায় এক সপ্তাহ ধরে বাংলাদেশের বিভিন্ন জেলায় রাজনৈতিক অস্থিরতা দেখা দিয়েছে। এ পরিস্থিতির জন্য ভারতকে দায়ী করে সম্প্রতি বক্তব্য দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। গত বৃহস্পতিবার লালমনিরহাটে এক জনসভায় বক্তব্য দেওয়ার সময় চলমান রাজনৈতিক অস্থিরতার পেছনে ‘সীমান্তের ওপারে’ থাকা প্রভুদের ইশারাকে দায়ী করেন তিনি।
প্রধানমন্ত্রীর ওই বক্তব্যের বিষয়ে গত শুক্রবার নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়ালের কাছে প্রতিক্রিয়া জানতে চান সাংবাদিকরা।
জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, বাংলাদেশে বর্তমানে যা ঘটছে, তা দেশটির নিজস্ব অভ্যন্তরীণ বিষয়। একই সঙ্গে বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ভারতের অবস্থানও পুনর্ব্যক্ত করেন তিনি।
রণধীর জয়সওয়াল বলেন, “বাংলাদেশের অভ্যন্তরীণ ঘটনাপ্রবাহ নিয়ে আমাদের কোনো মন্তব্য নেই। আমাদের অবস্থান আগের মতোই অটল ভারত বাংলাদেশের সঙ্গে একটি ইতিবাচক, গঠনমূলক ও দূরদর্শী সম্পর্ক চায়। এই সম্পর্ক গড়ে উঠেছে উভয় দেশের অভিন্ন ইতিহাস এবং জনগণের মধ্যকার সাংস্কৃতিক বন্ধনের ওপর ভিত্তি করে।”










