তুরাগের সরকারি কোয়ার্টার থেকে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেপ্তার
রাজধানীর তুরাগ থানার ১৮ নম্বর সেক্টরের একটি সরকারি আবাসিক কোয়ার্টার থেকে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত পৌনে ৩টার দিকে তাঁকে গ্রেপ্তারের পর ডিবি কার্যালয়ে নেওয়া হয়।
রাত ২টা ৫৫ মিনিটে গণমাধ্যমকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন মহানগর গোয়েন্দা পুলিশের উত্তরা বিভাগের ভারপ্রাপ্ত উপপুলিশ কমিশনার ইলিয়াস কবির। তবে কোন মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হবে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানাননি তিনি।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ‘আলো আসবেই’ নামের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ নিয়ে আলোচনা শুরু হয়। ওই বছরের সেপ্টেম্বরে গ্রুপটির কথোপকথনের কিছু স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়।
গ্রুপে যুক্ত কয়েকজন অভিনয়শিল্পী, সাংবাদিক ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তির কথোপকথনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং আন্দোলনকারীদের নিয়ে নেতিবাচক মন্তব্য উঠে আসে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনার মুখে পড়েন গ্রুপটির সদস্যরা। সদস্যদের তালিকায় জ্যোতিকা জ্যোতির নামও ছিল।
পরে ফেসবুক লাইভে এসে ওই গ্রুপে যুক্ত থাকার বিষয়ে নিজের অবস্থান তুলে ধরেন জ্যোতিকা জ্যোতি। তাঁর দাবি ছিল, গ্রুপটির উদ্দেশ্য দেশ বা মানুষের ক্ষতি করা ছিল না। বরং আন্দোলন চলাকালে ঢাকার পরিস্থিতি সম্পর্কে বিভিন্ন তথ্য ও হালনাগাদ খবর সেখানে জানাতেন তিনি। কোনো শিল্পী মানুষ হত্যার পক্ষে থাকতে পারেন না বলেও মন্তব্য করেন এই অভিনেত্রী।
এ ঘটনার পর ২০২৪ সালের ১৭ সেপ্টেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে অফিস করতে গেলে সহকর্মীদের একাংশের বাধার মুখে পড়েন জ্যোতিকা জ্যোতি। তখন তিনি একাডেমির পরিচালক পদে চুক্তিভিত্তিক দায়িত্ব পালন করছিলেন। সহকর্মীদের বিরোধিতার মুখে সেদিন কার্যালয় ছাড়তে হয় তাঁকে। পরবর্তী সময়ে ২০২৪ সালের ১ অক্টোবর তাঁর চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে শিল্পকলা একাডেমি।
এ ছাড়া সর্বশেষ ২০২৬ সালের জুলাইয়ে জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত অপরাধের অভিযোগে সাংস্কৃতিক ও গণমাধ্যম অঙ্গনের ২৮ ব্যক্তির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ জমা দেয় একটি সংগঠন। ওই তালিকাতেও জ্যোতিকা জ্যোতির নাম অন্তর্ভুক্ত ছিল।













