বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তরায় গভীর রাতে গ্রেপ্তার সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ

অনলাইন ডেস্ক প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ১০:৩৫ এম
উত্তরায় গভীর রাতে গ্রেপ্তার সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ

রাজধানীর উত্তরায় অভিযান চালিয়ে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে উত্তরা ৩ নম্বর সেক্টরের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার মধ্যরাত থেকে উত্তরা ৩ নম্বর সেক্টরের ২ নম্বর সড়কের ১৩ নম্বর বাসায় অভিযান শুরু করেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। পরে ওই বাসা থেকেই নুরুল ইসলাম নাহিদকে গ্রেপ্তার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. রেজাউল করিম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিকভাবে তার বিরুদ্ধে কোন মামলায় বা কী অভিযোগে এ গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

 

তারেক রহমান ও শফিকুর রহমানের একান্ত বৈঠক, কয়েকটি বিষয়ে ঐকমত্য

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ১২:০৪ পিএম
তারেক রহমান ও শফিকুর রহমানের একান্ত বৈঠক, কয়েকটি বিষয়ে ঐকমত্য

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে একান্ত বৈঠক করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। প্রধানমন্ত্রীর চায়ের আমন্ত্রণে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন বিরোধীদলীয় নেতা। বৈঠকে অন্য কেউ উপস্থিত ছিলেন না। এ সময় বেশ কয়েকটি বিষয়ে দুই নেতা একমত হয়েছেন।

বুধবার (১৮ নভেম্বর) মাগরিবের নামাজের আগে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। নাম প্রকাশ না করার শর্তে গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন জামায়াতে ইসলামীর এক সংসদ সদস্য।

ওই সংসদ সদস্য জানান, বৈঠকে জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়নসহ বিভিন্ন অমীমাংসিত বিষয় প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরেন বিরোধীদলীয় নেতা। পাশাপাশি দেশের চলমান সহিংস পরিস্থিতি মোকাবিলায় রাজনৈতিক মতপার্থক্য দূরে রেখে ঐক্যবদ্ধভাবে কাজ করার বিষয়ে একমত হন দুই নেতা।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

এদিকে বুধবার (১৮ নভেম্বর) বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার বিরুদ্ধে গণতন্ত্রের পক্ষে থাকা সব রাজনৈতিক শক্তিকে ২০২৪ সালের মতো একই মঞ্চে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।

সংসদের ভেতরে ও বাইরে থাকা সব গণতান্ত্রিক দলকে ৭ নভেম্বর ও ৫ আগস্টের চেতনায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। এ সময় দেশনেত্রী খালেদা জিয়ার বক্তব্য উদ্ধৃত করে প্রধানমন্ত্রী বলেন, ‘ওদের হাতে গোলামির জিঞ্জির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা।’

সাম্প্রতিক রাজনৈতিক সহিংসতা এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে জাতীয় সংসদেও আলোচনা হয়েছে। বুধবার ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী বক্তব্যে পতিত আওয়ামী লীগকে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ আখ্যা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দলটির পুনরুত্থান ঠেকাতে সব গণতান্ত্রিক রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

তুরাগের সরকারি কোয়ার্টার থেকে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেপ্তার

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ১১:৫৭ এম
তুরাগের সরকারি কোয়ার্টার থেকে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেপ্তার

রাজধানীর তুরাগ থানার ১৮ নম্বর সেক্টরের একটি সরকারি আবাসিক কোয়ার্টার থেকে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত পৌনে ৩টার দিকে তাঁকে গ্রেপ্তারের পর ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

রাত ২টা ৫৫ মিনিটে গণমাধ্যমকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন মহানগর গোয়েন্দা পুলিশের উত্তরা বিভাগের ভারপ্রাপ্ত উপপুলিশ কমিশনার ইলিয়াস কবির। তবে কোন মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হবে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানাননি তিনি।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ‘আলো আসবেই’ নামের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ নিয়ে আলোচনা শুরু হয়। ওই বছরের সেপ্টেম্বরে গ্রুপটির কথোপকথনের কিছু স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

গ্রুপে যুক্ত কয়েকজন অভিনয়শিল্পী, সাংবাদিক ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তির কথোপকথনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং আন্দোলনকারীদের নিয়ে নেতিবাচক মন্তব্য উঠে আসে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনার মুখে পড়েন গ্রুপটির সদস্যরা। সদস্যদের তালিকায় জ্যোতিকা জ্যোতির নামও ছিল।

পরে ফেসবুক লাইভে এসে ওই গ্রুপে যুক্ত থাকার বিষয়ে নিজের অবস্থান তুলে ধরেন জ্যোতিকা জ্যোতি। তাঁর দাবি ছিল, গ্রুপটির উদ্দেশ্য দেশ বা মানুষের ক্ষতি করা ছিল না। বরং আন্দোলন চলাকালে ঢাকার পরিস্থিতি সম্পর্কে বিভিন্ন তথ্য ও হালনাগাদ খবর সেখানে জানাতেন তিনি। কোনো শিল্পী মানুষ হত্যার পক্ষে থাকতে পারেন না বলেও মন্তব্য করেন এই অভিনেত্রী।

এ ঘটনার পর ২০২৪ সালের ১৭ সেপ্টেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে অফিস করতে গেলে সহকর্মীদের একাংশের বাধার মুখে পড়েন জ্যোতিকা জ্যোতি। তখন তিনি একাডেমির পরিচালক পদে চুক্তিভিত্তিক দায়িত্ব পালন করছিলেন। সহকর্মীদের বিরোধিতার মুখে সেদিন কার্যালয় ছাড়তে হয় তাঁকে। পরবর্তী সময়ে ২০২৪ সালের ১ অক্টোবর তাঁর চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে শিল্পকলা একাডেমি।

এ ছাড়া সর্বশেষ ২০২৬ সালের জুলাইয়ে জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত অপরাধের অভিযোগে সাংস্কৃতিক ও গণমাধ্যম অঙ্গনের ২৮ ব্যক্তির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ জমা দেয় একটি সংগঠন। ওই তালিকাতেও জ্যোতিকা জ্যোতির নাম অন্তর্ভুক্ত ছিল।

৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ১১:২৮ এম
৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে ৭ জেলায় ৯৬ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। এ ছাড়া আরও ৫ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েনের জন্য প্রস্তুত রাখা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় এ তথ্য।

এতে বলা হয়— মোতায়েন করা বিজিবি সদস্যদের মধ্যে ঢাকা জেলায় ২৩ প্লাটুন, চট্টগ্রামে ১৫ প্লাটুন, নারায়ণগঞ্জে ৬ প্লাটুন, গাজীপুরে ১৫ প্লাটুন, গোপালগঞ্জে ২৭ প্লাটুন, ময়মনসিংহে ২ প্লাটুন এবং ফরিদপুরে ৩ প্লাটুন রয়েছেন।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশক্রমে মোতায়েন করা বিজিবি সদস্যরা সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন। গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পাঞ্চল ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা ও নজরদারি জোরদার করা হয়েছে। পাশাপাশি বিশৃঙ্খলা, সহিংসতা ও জননিরাপত্তার জন্য হুমকি এমন কর্মকাণ্ড প্রতিরোধে কাজ করছেন তারা।

বিজিবি জানায়, মাঠপর্যায়ের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও সমন্বয়ের জন্য বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি চালানো হচ্ছে। এ কাজে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও ইমপ্রোভাইজড ডিভাইসের মাধ্যমে পাওয়া সরাসরি ভিডিও ফুটেজ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সীমান্তে নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি সংশ্লিষ্ট জেলাগুলোতে সর্বোচ্চ পেশাদারিত্ব, শৃঙ্খলা ও ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালন করছেন বিজিবি সদস্যরা। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা, স্বাভাবিক চলাচল ও দৈনন্দিন কার্যক্রম নির্বিঘ্ন রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

 

প্রবাহ বাংলা নেটওয়ার্ক