মেক্সিকো
গ্যাসবাহী ট্যাংকার বিস্ফোরণ, নিহত-আহত বহু
মেক্সিকো সিটির দক্ষিণ-পূর্বাঞ্চলে ভয়াবহ গ্যাসবাহী ট্যাংকার বিস্ফোরণে অন্তত চারজন নিহত ও প্রায় ৯০ জন আহত হয়েছেন। বুধবার (১০ সেপ্টেম্বর) রাতে ইস্তাপালাপা-চালকো সীমান্তে গ্যাস ট্যাংকারটি উল্টে গিয়ে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, বিস্ফোরণের পর মুহূর্তেই আশপাশের একাধিক গাড়ি আগুনে পুড়ে যায়। ড্রোনে ধারণ করা ভিডিওতে দেখা যায়, দমকল কর্মীরা আগুন নেভাতে প্রাণপণ চেষ্টা চালাচ্ছেন।
মেক্সিকো সিটির মেয়র ক্লারা ব্রুগাদা জানিয়েছেন, আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক এবং তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। সিভিল প্রটেকশনের প্রধান মিরিয়াম উরসুয়া জানান, গুরুতর দগ্ধ বহু মানুষ চিকিৎসাধীন রয়েছেন। নিরাপত্তা মন্ত্রী পাবলো ভাজকেস বলেন, সিসিটিভি ফুটেজে দেখা গেছে—কিছু মানুষ জ্বলন্ত গাড়ি থেকে বের হওয়ার চেষ্টা করছিলেন।
ট্যাংকারটিতে প্রায় ৫০ হাজার লিটার তরল গ্যাস ছিল এবং বিস্ফোরণে অন্তত ১৮টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয় বলে কর্তৃপক্ষ জানিয়েছে। ইতোমধ্যে অ্যাটর্নি জেনারেলের কার্যালয় ঘটনাটির তদন্ত শুরু করেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে বিশাল অগ্নিগোলক ও কালো ধোঁয়ার কুণ্ডলী স্পষ্টভাবে ধরা পড়ে। অনেকে এ দুর্ঘটনাকে ২০১৯ সালে হিদালগো রাজ্যের ভয়াবহ গ্যাস পাইপলাইন বিস্ফোরণের সঙ্গে তুলনা করছেন, যেখানে ১৩৭ জন নিহত হয়েছিল।
ঘটনাস্থল ইস্তাপালাপা মেক্সিকো সিটির সর্বাধিক ঘনবসতিপূর্ণ জেলা, যেখানে প্রায় ১৮ লাখ মানুষের বসবাস।













