সকাল থেকে টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
জরুরি রক্ষণাবেক্ষণ ও বিদ্যুৎ লাইন উন্নয়নকাজের কারণে আজ শনিবার গাজীপুরের কয়েকটি এলাকায় টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। শুক্রবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর কাশিমপুর জোনাল অফিস।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রাহকদের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে ১১ কেভি ফিডারের আকার ছোট করা এবং অতিরিক্ত লোড কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে শনিবার সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জরুরি রক্ষণাবেক্ষণ ও লাইন উন্নয়নকাজ করা হবে। এ সময় সংশ্লিষ্ট এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
যেসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে, সেগুলোর মধ্যে রয়েছে কাশিমপুরের আংশিক এলাকা, বিএডিসি গেটসংলগ্ন এলাকা, রফিকুল স্কুলের আশপাশ, কাশিমপুর স্ট্যান্ডের পশ্চিমাংশ, রিফুজি পাড়া, হাজিপাড়া, জিতার মোড়সংলগ্ন এলাকা, আলিমের আশপাশ, কবরস্থানসংলগ্ন এলাকা, জামাল টাওয়ারের আশপাশ, মল্লিকা বাজার, নয়াপাড়া, হাকের নল, লালদিঘি, খানকা শরিফসংলগ্ন এলাকা এবং রওশন মার্কেট।
কাশিমপুর জোনাল অফিস জানিয়েছে, নির্ধারিত সময়ের আগেই রক্ষণাবেক্ষণ ও উন্নয়নকাজ শেষ হলে বিদ্যুৎ সরবরাহ দ্রুত স্বাভাবিক করা হবে। সাময়িক এ অসুবিধার জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।











