কাশিয়ানীতে স্বামীর হাতে স্ত্রী খুন, ঘাতক স্বামী গ্রেপ্তার
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় পারিবারিক কলহের জের ধরে বর্ণা খানম (৩০) নামের এক গৃহবধূকে নির্মমভাবে খুন করার অভিযোগ উঠেছে তাঁর স্বামীর বিরুদ্ধে।
সোমবার উপজেলার রাতইল ইউনিয়নের ধানকোড়া গ্রামে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। আজ মঙ্গলবার সকালে কাশিয়ানী থানা-পুলিশ মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ধানকোড়া গ্রামের মিজানুর রহমানের মেয়ে বর্ণা খানমের সঙ্গে ১২ বছর আগে ফরিদপুর কোতোয়ালি থানার বঙ্গেশরদী এলাকার নূর ইসলাম বেপারীর ছেলে আল আমিন বেপারীর (৩৫) বিয়ে হয়। তাঁদের সংসারে তিনটি কন্যাসন্তান রয়েছে। সম্প্রতি আল আমিন স্ত্রী ও সন্তানদের নিয়ে শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন।
সোমবার দুপুরে বাড়ির পাশের পুকুরে গোসল করতে নেমে আল আমিনের সঙ্গে বর্ণার পারিবারিক কলহ শুরু হয়। একপর্যায়ে আল আমিন ক্ষিপ্ত হয়ে বর্ণার মুখে ও ঠোঁটে কামড়ে ধরেন এবং তাঁকে পুকুরের পানিতে চুবিয়ে শ্বাসরোধে হত্যা নিশ্চিত করেন। এরপর বর্ণার মরদেহ পুকুরের পানিতে ভাসিয়ে দিয়ে তিনি শ্বশুরবাড়ি থেকে পালিয়ে যান।
খবর পেয়ে কাশিয়ানী থানার উপপরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন দর্জির নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান শুরু করে। পরে ফরিদপুর জেলা সদর থেকে ঘাতক স্বামী আল আমিনকে গ্রেপ্তার করা হয়।
কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পারিবারিক বিরোধের জের ধরেই এই হত্যাকাণ্ড ঘটেছে। ঘাতক স্বামীকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে এবং এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।











