ব্রিজের ধারে রডের বদলে বাঁশের কঞ্চি, বিপাকে ঠিকাদার
বরিশালের আগৈলঝাড়া উপজেলায় ব্রিজের ঢালাইতে রডের পরিবর্তে বাঁশের কঞ্চি ব্যবহারের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাস্থল পরিদর্শন করে কিছুটা সত্যতাও পেয়েছে উপজেলা প্রশাসন।
ব্রিজটি নির্মিত হয়েছে উপজেলা রত্নপুর ইউনিয়নের বারোপাইকা গ্রামে। সেখানকার ১৫টি পরিবার এবং বিল অঞ্চলের ধান পরিবহনের জন্য ব্রিজ নির্মাণ করা হয়।
স্থানীয় বাসিন্দা ওমর সানি বলেন, ব্রিজের ঠিকাদার ছিলেন মেম্বার সোহেল মোল্লা। তিনি তার নিজস্ব অর্থায়নে প্রায় দেড় লক্ষ টাকা খরচ করে ব্রিজের কাজ করেন। এ টাকা পরবর্তীতে ইউনিয়ন পরিষদ পরিশোধ করবে।
ওমর সানি বলেন, ব্রিজের দৈর্ঘ্য প্রায় ৬০ ফুট। এরপর ঢাল নামাতে গিয়ে আরো ১৫ ফুট যুক্ত হয়েছে। ব্রিজের কাজ সম্পন্নের পর ঢাল নামাতে গিয়ে বিপাকে পড়েন ঠিকাদার।
এরপর তিনি নতুনভাবে কিছু রড ক্রয় করে এবং বাঁশের কঞ্চি ব্যবহার করে ঢাল নামাতে ঢালাই দেন। এই বিষয়টিকে কিছু স্থানীয় ব্যক্তি ব্রিজে বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই দেওয়া হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি প্রকাশ করে।











