রাষ্ট্রীয় সফরে চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
চার দিনের রাষ্ট্রীয় সফরে গণচীন পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। সোমবার রাতে চীনের দালিয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিশেষ বিমানটি অবতরণ করে।
বিমানবন্দরে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান চীনের লিয়াওনিং প্রদেশের ভাইস গভর্নর বাই ইং, ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং দেশটির সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তাবৃন্দ। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এই তথ্য নিশ্চিত করেছেন।
চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াংয়ের আমন্ত্রণে এই সফরে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই রাষ্ট্রীয় সফরকালে তিনি চীনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন। বৈঠকে বাংলাদেশ ও চীনের পারস্পরিক সম্পর্ক, দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ বৃদ্ধি, অবকাঠামোগত উন্নয়ন এবং দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হবে বলে জানা গেছে।
এর আগে স্থানীয় সময় সোমবার বিকেল ৫টার দিকে প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীরা মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে বিশেষ বিমানে করে চীনের দালিয়ানের উদ্দেশ্যে রওনা হন।












