‘আমাকে ঘিরে ধারাবাহিকভাবে মিথ্যা ছড়ানো হচ্ছে’ – ডা. তাসনিম জারা
নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা বলেছেন, তাকে ঘিরে ধারাবাহিকভাবে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে। তিনি এসব গুজবে মনোযোগ না দিয়ে কাজে মনোযোগ দিতে চান। তবে সত্য প্রকাশ না করলে মিথ্যা প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ পায় বলে মন্তব্য করেন তিনি।
শুক্রবার (২২ আগস্ট) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এসব কথা বলেন।
ডা. জারা জানান, সম্প্রতি নেপাল সরকারের আমন্ত্রণে তিনি নিরাপদ বাতাস ও এর স্বাস্থ্যগত প্রভাব নিয়ে বক্তব্য দিতে নেপালে যান। এ আমন্ত্রণ এসেছিল প্রায় দুই মাস আগে নেপালের দূতাবাসের মাধ্যমে। তিনি স্পষ্ট করেন, নেপালে তাঁর সঙ্গে কোনো মার্কিন কর্মকর্তা বা অন্য কারও বৈঠক হয়নি। অথচ একটি ভারতীয় পোর্টাল থেকে গুজব ছড়ানো হয় যে তিনি সেখানে এক মার্কিন অফিসিয়ালের সঙ্গে প্রাতঃরাশ বৈঠক করেছেন। এ সংবাদকে তিনি সম্পূর্ণ মিথ্যা ও মনগড়া বলে উল্লেখ করেন।
তিনি আরও বলেন, এর আগেও তাকে নিয়ে কক্সবাজারে মার্কিন কূটনীতিক পিটার হাসের সঙ্গে বৈঠকের মিথ্যা খবর ছড়ানো হয়েছিল। পরে সংশ্লিষ্ট গণমাধ্যম স্বীকার করে নেয় যে এটি ভুল ছিল এবং তারা ক্ষমা চায়।
জাতীয় নাগরিক পার্টির এই নেতা জানান, চলতি মাসের ১১ আগস্ট তাদের দলের একটি প্রতিনিধি দল মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করে। সেখানে দলের আহ্বায়ক, সদস্য সচিব, তিনি নিজে এবং আরও একজন যুগ্ম সদস্য সচিব উপস্থিত ছিলেন। এটি ছিল নিয়মিত কূটনৈতিক কার্যক্রমের অংশ, যা বিএনপি ও জামায়াতের সঙ্গেও হয়েছে।
ডা. জারা অভিযোগ করেন, বৈঠকের সময় গোয়েন্দা সংস্থার সরবরাহকৃত একটি ছবি উদ্দেশ্যমূলকভাবে গণমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। ছবিটি এমনভাবে তোলা হয় যাতে মনে হয় তিনি কোনো গোপন কার্যক্রমে জড়িত। অথচ বিএনপি বা জামায়াতের বৈঠকের ক্ষেত্রে এমনটি করা হয়নি। তিনি প্রশ্ন তোলেন—“আমাদের গোয়েন্দাদের কাজ কি দেশের নিরাপত্তা নিশ্চিত করা, নাকি উদ্দেশ্যমূলক ছবি সরবরাহ করে কুৎসা রটানো?”












