মির্জা আব্বাসের দুটি অস্ত্রোপচার সম্পন্ন, সুস্থতার জন্য দোয়া চাইলেন মির্জা ফখরুল
প্রধানমন্ত্রী তারেক রহমান মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। ছবি: বাসস
বিএনপির জ্যেষ্ঠ নেতা ও ঢাকা–৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাসের দুটি অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। বর্তমানে তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
শনিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিষয়টি জানান। তিনি বলেন, সবার দোয়া ও শুভকামনায় মির্জা আব্বাসের দুটি অপারেশন সফলভাবে শেষ হয়েছে এবং তার দ্রুত সুস্থতার জন্য সবাইকে দোয়া করার আহ্বান জানান।
গত বুধবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারালে মির্জা আব্বাসকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার চিকিৎসার জন্য বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়।
শুক্রবার জুমার নামাজের পর প্রধানমন্ত্রী তারেক রহমান হাসপাতালে গিয়ে মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এ সময় তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং প্রয়োজন হলে উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়ার বিষয়েও ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন।
এর আগে বিএনপির বেশ কয়েকজন শীর্ষ নেতা হাসপাতালে গিয়ে অসুস্থ মির্জা আব্বাসকে দেখতে যান এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও তার সুস্থতা কামনা করেছেন।












