সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৫২

প্রবাহ বাংলা ডেস্ক ঢাকা, বাংলাদেশ প্রকাশিত: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ৪:৫২ এম
লেবাননে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৫২

লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে অন্তত ৫২ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার। এতে আহত হয়েছেন আরও ১৫৪ জন।

এর আগে, স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছিল, ইসরায়েলি হামলায় ৩১ জন নিহত এবং ১৪৯ জন আহত।

দক্ষিণ ও পূর্ব লেবানন এবং বেইরুতের দক্ষিণ উপনগরীতে বোমা হামলার কারণে ২৮,৫০০-এরও বেশি মানুষ স্থানচ্যুত হয়েছেন, সরকারের দুর্যোগ ও ব্যবস্থাপনা ইউনিট জানিয়েছে।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

সূত্র: আল জাজিরা

চীনের কাছেই অস্ত্র বিক্রির প্রস্তাব ট্রাম্পের

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ৪:২২ পিএম
চীনের কাছেই অস্ত্র বিক্রির প্রস্তাব ট্রাম্পের

তাইওয়ানের কাছে মার্কিন অস্ত্র বিক্রি নিয়ে বেইজিংয়ের উদ্বেগের জবাবে চীনের কাছেই অস্ত্র বিক্রির প্রস্তাব দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার সম্প্রচারিত ফক্স নিউজের এক সাক্ষাৎকারে চীনে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ডেভিড পারডিউ এ তথ্য জানিয়েছেন।

চীন তাইওয়ানকে নিজেদের ভূখণ্ডের অংশ বলে দাবি করে। স্বশাসিত এই দ্বীপে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রি ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে বিরোধের অন্যতম প্রধান কারণ। তবে আইনি বাধ্যবাধকতার কারণে তাইওয়ানকে আত্মরক্ষার সক্ষমতা বাড়াতে অস্ত্র সরবরাহ করে আসছে যুক্তরাষ্ট্র।

ডেভিড পারডিউ জানান, গত সপ্তাহে চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের যুক্তরাষ্ট্র সফরের সময় বিষয়টি আবারও আলোচনায় আসে।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে পারডিউ বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প বরাবরই বলে আসছেন, ‘আমরা তো বিশ্বের অন্যান্য দেশের কাছেও অস্ত্র বিক্রি করি।’ এমনকি একপর্যায়ে ট্রাম্প প্রেসিডেন্ট সিকে সরাসরি জিজ্ঞেস করেছিলেন, তিনি যুক্তরাষ্ট্রের কাছ থেকে কোনো অস্ত্র কিনতে চান কি না।

পারডিউ বলেন, ‘অন্যান্য অস্ত্র বিক্রির বিষয়েও আলোচনা অব্যাহত রয়েছে। ট্রাম্প ও প্রেসিডেন্ট সি যখনই একসঙ্গে বসেন, তখনই তাঁরা এসব বিষয় নিয়ে কথা বলেন।’ তিনি আরও জানান, এ বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি।

এর আগে গত জুনে চীন তাইওয়ানকে সতর্ক করে বলেছিল, যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করে কিংবা সামরিক উপায়ে স্বাধীনতা অর্জনের চেষ্টা বৃথা চেষ্টা ছাড়া আর কিছু নয়।

গত বছরের ডিসেম্বরে তাইওয়ানের কাছে ১ হাজার ১১০ কোটি ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দেয় ওয়াশিংটন। এ প্রসঙ্গে পারডিউ বলেন, ১৯৭৯ সালের পর যেকোনো মার্কিন প্রেসিডেন্টের আমলে তাইওয়ানের কাছে এটিই সবচেয়ে বড় অস্ত্র বিক্রির ঘটনা।

যুক্তরাষ্ট্র সফরের সময় চীনা প্রেসিডেন্ট সি চিন পিং আবারও ট্রাম্পকে তাইওয়ান ইস্যুতে ‘বিচক্ষণতা’ দেখানোর আহ্বান জানান। একই সঙ্গে তিনি তাইওয়ানের স্বাধীনতার বিরোধিতা করার কথাও বলেন।

এদিকে গত মে মাসে ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন, তাইওয়ানের জন্য আসন্ন একটি অস্ত্রসহায়তা প্যাকেজকে চীনের সঙ্গে দর-কষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করা হতে পারে। ট্রাম্পের এমন মন্তব্যের পর তাইওয়ানের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়।

বাজিতপুরে স্ত্রী হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ৪:১৯ পিএম
বাজিতপুরে স্ত্রী হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড

কিশোরগঞ্জের বাজিতপুরে স্ত্রী ঝর্ণা আক্তার (২৭) হত্যা মামলায় স্বামী ইসমাইল ওরফে সাগর মিয়াকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

আজ রোববার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১-এর বিচারক সুপ্রিয়া রহমান এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি ইসমাইল পলাতক ছিলেন।

দণ্ডপ্রাপ্ত ইসমাইল ওরফে সাগর মিয়া কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার উত্তর সরারচর গ্রামের মৃত আয়েত আলীর ছেলে।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

মামলার বিবরণে জানা যায়, বিয়ের পর থেকেই ঝর্ণা আক্তারকে তার স্বামী নির্যাতন করতেন। ২০১৬ সালের ১২ এপ্রিল সন্ধ্যায় বাবার বাড়িতে রান্না করার সময় স্বামী ইসমাইলের সঙ্গে ঝর্ণার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ইসমাইল ছুরি দিয়ে ঝর্ণা আক্তারকে আঘাত করেন।

পরে পরিবারের সদস্যরা গুরুতর আহত অবস্থায় ঝর্ণা আক্তারকে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের মা জাহেরা বেগম বাদী হয়ে বাজিতপুর থানায় মামলা করেন। দীর্ঘ শুনানি শেষে আদালত আসামি ইসমাইল ওরফে সাগর মিয়াকে মৃত্যুদণ্ড দেন।

লালমনিরহাটে ট্রাকচাপায় নিহত ৩, আহত ৫

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ২:৫৬ পিএম
লালমনিরহাটে ট্রাকচাপায় নিহত ৩, আহত ৫

লালমনিরহাটের পাটগ্রামে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। গুরুতর আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে পাটগ্রাম উপজেলার বুড়িমারী ঘুন্টি বাজার এলাকায় লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন বুড়িমারী ইউনিয়নের ডাঙ্গাপাড়া এলাকার মাছ ব্যবসায়ী নুর আমিন, একই ইউনিয়নের গুড়িয়াটারী এলাকার মাছ ব্যবসায়ী ফাতুল মিয়া এবং ব্যবসায়ী সাইফুল ইসলাম।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৮টার দিকে পাটগ্রাম থেকে বুড়িমারীগামী একটি ডাম্পার ট্রাক ঘুন্টি বাজার এলাকায় পৌঁছালে এর একটি চাকা বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে চাপা দেয়। পরে ট্রাকটি পাশের একটি দোকানে ঢুকে যায়।

এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর আরও একজন মারা যান। দুর্ঘটনায় আহত হন আরও পাঁচজন। গুরুতর আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

পাটগ্রাম থানার ওসি সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে ঘটনাস্থলে দুইজনের মৃত্যু হয়েছে। এছাড়াও হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়। এতে প্রায় পাঁচজন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আমরা ঘটনাস্থলে রয়েছি।

প্রবাহ বাংলা নেটওয়ার্ক