ইরানের সরকারবিরোধী বিক্ষোভকে সমর্থন জানিয়ে যা বললেন মালালা
ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভের প্রতি সমর্থন জানিয়েছেন নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ও পাকিস্তানি মানবাধিকারকর্মী মালালা ইউসুফজাই। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি ইরানের জনগণ, বিশেষ করে নারী ও মেয়েদের অধিকারের পক্ষে অবস্থান নেন।
এক্স পোস্টে মালালা বলেন, “স্বাধীনতা ও মর্যাদার দাবিতে আমি ইরানের জনগণ ও মেয়েদের পাশে দাঁড়াই। নিজেদের ভবিষ্যৎ নিজেরাই নির্ধারণ করার অধিকার তাদের প্রাপ্য।”
তিনি বলেন, ইরানের জনগণ বহু বছর ধরে দমন-পীড়নের বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে সতর্ক করে আসছে, তাও আবার বড় ধরনের ব্যক্তিগত ঝুঁকি নিয়ে। কিন্তু তাদের কণ্ঠস্বর দশকের পর দশক ধরে স্তব্ধ করে রাখা হয়েছে।
মালালা আরও উল্লেখ করেন, এই বিধিনিষেধগুলো কেবল বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়; বরং এটি লিঙ্গভিত্তিক নিয়ন্ত্রণের একটি বিস্তৃত ব্যবস্থার অংশ। এই ব্যবস্থা বিচ্ছিন্নতা, নজরদারি ও শাস্তির মাধ্যমে পরিচালিত হয়, যা শুধু শ্রেণিকক্ষেই নয়, বরং স্বাধীনতা, পছন্দ ও ব্যক্তিগত নিরাপত্তার ওপরও গভীর প্রভাব ফেলে।
ইরানের নারীদের অধিকার প্রসঙ্গে তিনি বলেন, ইরানে চলমান বিক্ষোভকে দীর্ঘদিন ধরে রাষ্ট্র আরোপিত নারী ও মেয়েদের স্বায়ত্তশাসনের ওপর নিষেধাজ্ঞা থেকে আলাদা করে দেখা যায় না। শিক্ষা থেকে শুরু করে জনজীবনের সব ক্ষেত্রেই এই নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। ইরানের মেয়েরাও বিশ্বের অন্য সব দেশের মেয়েদের মতোই মর্যাদাপূর্ণ জীবন দাবি করে।
মালালা আরও বলেন, “তারা নিজেদের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণের অধিকার চাইছে, তাদের কণ্ঠস্বর শোনা হোক। সেই ভবিষ্যৎ অবশ্যই ইরানের জনগণের দ্বারাই পরিচালিত হতে হবে—বহিরাগত শক্তি বা দমনমূলক শাসনের দ্বারা নয়। সেখানে ইরানি নারী ও মেয়েদের নেতৃত্ব অপরিহার্য।”













