ফেনীতে বাস উল্টে চারজন নিহত, আহত ৯
ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে যাত্রীবাহী বাস দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন অন্তত নয়জন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে দাগনভূঞা উপজেলার সিলোনিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ফেনীর মহিপাল থেকে নোয়াখালীর উদ্দেশে ছেড়ে যাওয়া সুগন্ধা পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারায়। সামনে আসা একটি অটোরিকশাকে বাঁচাতে গিয়ে বাসটি রাস্তার পাশের বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খায় এবং উল্টে যায়। এ সময় অটোরিকশাটি দোকানে ঢুকে পড়ে।
স্থানীয়রা পুলিশ ও ফায়ার সার্ভিসের আগেই আহতদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। পরে গুরুতর আহত এক যাত্রীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান।
নিহতদের মধ্যে রয়েছেন—দাগনভূঞা উপজেলার দক্ষিণ জায়লস্কর গ্রামের আবদুল মতিনের ছেলে মো. শ্রাবণ, একই গ্রামের গৃহবধূ শেফালি, খুশিপুর গ্রামের মো. শহীদুল্লাহর স্ত্রী শামীম আরা বেগম। তবে নিহত অপর একজনের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি।
ফেনী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) শোয়েব ইমতিয়াজ নিলয় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
মহিপাল হাইওয়ে থানার ওসি হারুন উর রশিদ বলেন, দুর্ঘটনার কারণ নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।












