নান্দাইলে পিকআপ-সিএনজি সংঘর্ষে চালক নিহত, শিশুসহ আহত ৭
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় পিকআপ ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে রফিকুল ইসলাম নামে এক অটোরিকশাচালক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় দুই শিশুসহ অটোরিকশার সাতজন যাত্রী গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইল উপজেলার ভাটিসাভার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রফিকুল ইসলাম ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বৈলর ইউনিয়নের ওয়াদ্দেরভিটা গ্রামের এবাদ আলী ফকিরের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নান্দাইল চৌরাস্তা থেকে সাতজন যাত্রী নিয়ে ময়মনসিংহের দিকে যাচ্ছিল একটি সিএনজিচালিত অটোরিকশা। পথে ভাটিসাভার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা কিশোরগঞ্জগামী একটি পিকআপ ভ্যান বেপরোয়া গতিতে ওভারটেক করতে গিয়ে অটোরিকশাটিকে সামনাসামনি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চালক রফিকুল ইসলাম মারা যান। দুর্ঘটনার পরপরই পিকআপের চালক পালিয়ে যান।
আহতদের মধ্যে রয়েছেন নান্দাইল পৌরসভার পাছপাড়া মহল্লার মোশারফ হোসেনের ছেলে মোস্তাকিম, দশালিয়া গ্রামের হৃদয় মিয়া, গাংগাইল ইউনিয়নের সুরাশ্রম গ্রামের ওয়ালি উল্লাহর স্ত্রী তানিয়া ও তাঁর শিশুপুত্র আলভি, নেত্রকোনার কেন্দুয়া উপজেলার গগদা ইউনিয়নের মোস্তফার ছেলে ইমন মিয়া, ঈশ্বরগঞ্জ উপজেলার সরিষ্যা ইউনিয়নের রুহুল আমিন এবং সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার জয়নাল মিয়ার ছেলে ইব্রাহিম।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে চিকিৎসক তাঁদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
প্রত্যক্ষদর্শী স্থানীয় ব্যবসায়ী বিশাল, সিরাজুল ইসলাম ও হাবি মিয়া জানান, পিকআপটির বেপরোয়া ওভারটেকিংয়ের কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনা রোধে ব্যস্ততম এই মহাসড়ক দ্রুত চার লেনে উন্নীত করার দাবি জানান তাঁরা।
নান্দাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আমিনুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত যান দুটি জব্দ করে থানায় নিয়ে আসে। পলাতক পিকআপ চালককে আটকের চেষ্টা চলছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।













