নিউইয়র্কে বিএনপি মহাসচিবকে লাঞ্ছিত করার খবর ভিত্তিহীন: রুহুল কবির রিজভী
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিউইয়র্কে লাঞ্ছিত করা হয়েছে—এমন খবরকে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত আখ্যা দিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, মহাসচিবকে নিয়ে যেসব প্রচার চলছে, তা সম্পূর্ণ ভুয়া ও মনগড়া।
বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে নবনির্বাচিত পিরোজপুর জেলা বিএনপির নেতাদের সঙ্গে জাতীয় সংসদ ভবন এলাকায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেন, নিউইয়র্কে যদি অন্তর্বর্তীকালীন সরকার কার্যকরভাবে দায়িত্ব পালন করত, তবে এ ধরনের অপতৎপরতার সাহস কেউ পেত না। সরকারের দুর্বলতার কারণেই আওয়ামী লীগের সহযোগীরা দেশে-বিদেশে এমন কর্মকাণ্ডে জড়াচ্ছে।
তিনি আরও বলেন, আওয়ামী লীগের দোসরদের সঙ্গে বিএনপির কোনো সমঝোতা নেই। শেখ হাসিনার শাসনকে তিনি “ফ্যাসিবাদী দুঃশাসনের প্রতীক” উল্লেখ করে বলেন, নানা ষড়যন্ত্র ও চক্রান্ত চলছে, তবে জুলাই শহীদদের রক্ত বৃথা যাবে না।
দুদকের ভূমিকা নিয়েও সমালোচনা করেন রিজভী। তিনি বলেন, দুর্নীতি দমন কমিশন এখনো লুটপাট হওয়া টাকা উদ্ধার করতে বা দায়ীদের বিচারের আওতায় আনতে ব্যর্থ হয়েছে। দুদক বর্তমানে দৃশ্যমান নয়, অকার্যকর প্রতিষ্ঠানে পরিণত হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
বিএনপির এই শীর্ষ নেতা নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, তৃণমূল পর্যায় থেকে দলকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে হবে, যাতে জনগণ আগামীর নির্বাচনে ধানের শীষকে সমর্থন জানাতে পারে।











