দেশে অদৃশ্য শক্তি মাথাছাড়া দিচ্ছে : তারেক রহমান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশ থেকে স্বৈরাচার বিদায় নিলেও একটি অদৃশ্য শক্তি ধীরে ধীরে সক্রিয় হয়ে উঠছে।
শনিবার (১৩ সেপ্টেম্বর) কিশোরগঞ্জ জেলা বিএনপির সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ মন্তব্য করেন।
তারেক রহমান জানান, স্বৈরাচার পতনের পর তিনি জেলা ও থানা পর্যায়ের নেতাদের সঙ্গে বৈঠকে এ বিষয়ে সতর্ক করেছিলেন। “সেদিনও বলেছিলাম, স্বৈরাচার চলে গেলেও অদৃশ্য শক্তি ধীরে ধীরে মাথা তুলছে। এখনো তা মাঝেমধ্যে দৃশ্যমান হচ্ছে,” বলেন তিনি।
বিএনপির এই নেতা বলেন, “আমরা উৎপাদন ও উন্নয়নের রাজনীতি করি। শহীদ জিয়া ও খালেদা জিয়ার আদর্শে বিশ্বাস করি। তাই গণতন্ত্রের অগ্রযাত্রা রক্ষায় বসে থাকার সুযোগ নেই। ফেব্রুয়ারির নির্বাচনে ঐক্যবদ্ধ থেকে জনগণের কাছে যেতে পারলে বিএনপির পক্ষে অনুকূল জনরায় পাওয়া সম্ভব।”
তিনি আরও বলেন, বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনা করছে এবং তারা সংস্কারের কিছু প্রস্তাব দিয়েছে। তবে এ প্রস্তাবগুলোর প্রায় ৯৫ শতাংশ বিএনপি আরও আড়াই বছর আগে জনগণের সামনে উপস্থাপন করেছিল। “মানুষের ভোটাধিকার, রাজনৈতিক অধিকার, কর্মসংস্থান ও নিরাপত্তার প্রশ্নে বিএনপি কারও সঙ্গে ভিন্নমত পোষণ করে না,” যোগ করেন তিনি।
তারেক রহমান দলের নেতাকর্মীদের সতর্ক করে বলেন, “কেউ যেন বিএনপির নাম ব্যবহার করে ব্যক্তিস্বার্থ হাসিল করতে না পারে বা জনগণের মাঝে বিভ্রান্তি না ছড়ায়। দলের প্রতিটি কর্মীকে এ বিষয়ে দায়িত্ব নিতে হবে।”
শেষে তিনি জোর দিয়ে বলেন, “বিএনপির কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো জনগণ। জনগণের পাশে থাকতে হবে, জনগণকেও আমাদের পাশে রাখতে হবে। যেকোনো মূল্যে এটি নিশ্চিত করতে হবে।”











