ইউপি নির্বাচন
চূড়ান্ত ভোটার তালিকা ২৫ নভেম্বর, ঠিকানা বদলের আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সামনে রেখে ভোটার তালিকা চূড়ান্ত করার নতুন সময়সূচি নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৫ নভেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। আর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ২৫ নভেম্বর। ভোটার এলাকা বা ঠিকানা পরিবর্তনের জন্য আবেদন করা যাবে ৩১ অক্টোবর পর্যন্ত।
শনিবার (১৭ অক্টোবর) পৃথক চিঠিতে ইসির এ সিদ্ধান্ত মাঠপর্যায়ের কর্মকর্তাদের জানানো হয়েছে।
ইসি কর্মকর্তারা জানান, আগামী ২১ জানুয়ারি প্রথম ধাপের ইউপি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এবার পাঁচ ধাপে নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে। আগামী ডিসেম্বরে প্রথম ধাপের নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে। এ কারণে নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে নভেম্বরের মধ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
ইসির নির্দেশনা অনুযায়ী, ২০০৮ সালের ৩১ অক্টোবর বা এর আগে যাদের জন্ম, তারা নতুন ভোটার হিসেবে নিবন্ধনের সুযোগ পাবেন। আগামী ৫ নভেম্বর সারা দেশে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। তালিকা নিয়ে কোনো আপত্তি বা দাবি থাকলে ২০ নভেম্বরের মধ্যে তা জানাতে হবে। এসব দাবি-আপত্তি নিষ্পত্তির শেষ সময় ২৪ নভেম্বর। পরদিন, ২৫ নভেম্বর প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা।
অন্যদিকে, ভোটার এলাকা পরিবর্তনের আবেদন জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে ৩১ অক্টোবর। এসব আবেদন আগামী ৫ নভেম্বরের মধ্যে নিষ্পত্তি করতে হবে।
এর আগে সেপ্টেম্বরে ভোটার এলাকা পরিবর্তনের আবেদনের সময় শেষ হয়েছিল। সে সময় নভেম্বরে ইউপি নির্বাচন আয়োজনের পরিকল্পনা ছিল ইসির। তবে নির্বাচন পিছিয়ে যাওয়ায় ভোটার তালিকা চূড়ান্ত করার সময়সূচিও নতুন করে নির্ধারণ করেছে কমিশন।








