রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

জুলাই যোদ্ধাদের তালিকা নিয়ে বিতর্ক কেন?

সাজ্জাদ নুর প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ৩:০৯ এম
জুলাই যোদ্ধাদের তালিকা নিয়ে বিতর্ক কেন?

জুলাই বিপ্লবের স্থিরচিত্র, ফাইল ফটো।

গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের দিন, ৫ আগস্ট বিকেলে যশোরের একটি বিলাসবহুল হোটেলে সংঘটিত হামলা, লুটপাট ও অগ্নিকাণ্ডে অন্তত ২৬ জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে একজন বিদেশি নাগরিকও ছিলেন। অভিযোগ রয়েছে, সেদিন প্রাণ হারানোদের মধ্যে বেশ কয়েকজন হামলাকারী হিসেবেও ওই হোটেলে প্রবেশ করেছিলেন।

এই ঘটনায় নিহত ২৪ জনের নাম অন্তর্ভুক্ত করা হয় অন্তর্বর্তী সরকারের প্রণীত জুলাই শহীদের তালিকায়। তবে এ নিয়ে প্রশ্ন ওঠার পর একজনের নাম বাতিল করা হয়েছে এবং বাকিদের বিষয়ে পুনরায় যাচাই প্রক্রিয়া শুরু করেছে প্রশাসন।

জুলাই বিপ্লবের স্থিরচিত্র, ফাইল ফটো।

স্থানীয় সূত্র জানায়, যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শাহীন চাকলাদারের মালিকানাধীন হোটেলটিতে ওইদিন বিকেলে হামলা চালানো হয়। ভাঙচুর, লুটপাট শেষে ১৪ তলা ভবনটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, আওয়ামী লীগ সরকারের পতনের খবর ছড়িয়ে পড়ার পর শহরের বিভিন্ন প্রান্ত থেকে মিছিল বের হয় এবং শাসক দলের নেতাদের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা হয়।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

একজন স্থানীয় সাংবাদিক জানান, মোটরসাইকেলযোগে মিছিলে অংশ নিয়ে কয়েকজন সরাসরি হোটেলে ঢুকে পড়ে এবং অল্প সময়ের মধ্যেই অনেকেই ভেতর থেকে চেয়ার-টেবিলসহ নানা জিনিসপত্র বের করে আনে। পরে আগুন লাগানো হলে শুরুতে দমকল বাহিনীকে ঢুকতে দেওয়া হয়নি। কয়েক ঘণ্টা পর ভিতরে নিজেদের মানুষ আটকা পড়েছে জেনে পরিস্থিতি পরিবর্তন হয়।

এমন ঘটনায় নিহতদের শহীদ তালিকায় অন্তর্ভুক্ত করা কতটা ন্যায্য, তা নিয়ে প্রশ্ন উঠছে। শুধু যশোর নয়, জুলাই অভ্যুত্থানে নিহত ও আহতদের তালিকার আরও অনেক নাম নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। অভিযোগ রয়েছে, আন্দোলনে সরাসরি অংশ না নিয়েও অনেকের নাম তালিকায় যুক্ত হয়েছে, যার মাধ্যমে তারা সরকারি নানা সুবিধা পাচ্ছেন।

সরকারি ঘোষণায় নিহতদের পরিবার এককালীন ৩০ লাখ টাকা, মাসে ২০ হাজার টাকা ভাতা ও বিনামূল্যে ফ্ল্যাট সুবিধা পাচ্ছেন। আহতদের ক্যাটাগরি অনুযায়ী মাসে ১০ থেকে ২০ হাজার টাকা ভাতা, অঙ্গহানির ক্ষেত্রে এক লাখ থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা, চিকিৎসা সুবিধা এবং চাকরিতে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

জুলাই বিপ্লবের স্থিরচিত্র, ফাইল ফটো।

যশোরের জেলা প্রশাসক মো. আজহারুল ইসলাম জানান, শহীদ ও আহতদের তালিকা নিয়ে প্রশ্ন ওঠায় ওই হোটেলের অগ্নিকাণ্ডে নিহতদের বিষয়েও নতুন করে খোঁজখবর নেওয়া হচ্ছে। ইতোমধ্যেই মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় জেলা প্রশাসকদের চিঠি দিয়ে তালিকা যাচাইয়ের নির্দেশ দিয়েছে।

সরকারি তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারিতে ৮৩৪ জনকে শহীদ হিসেবে গেজেটে অন্তর্ভুক্ত করা হয়। পরে আরও ১০ জন যোগ হওয়ায় সংখ্যা দাঁড়ায় ৮৪৪ জনে। তবে ভুল ও পুনরাবৃত্ত নাম থাকার কারণে আগস্টে আটজনের নাম বাদ দেওয়া হয়। বর্তমানে শহীদের সংখ্যা ৮৩৬। আহতদের প্রথম তালিকায় ছিল ১২ হাজার ৪৩ জনের নাম, পরবর্তীতে আরও ১ হাজার ৭৫৭ জন যুক্ত হওয়ায় সংখ্যা দাঁড়িয়েছে ১৩ হাজার ৮০০ জনে।

জুলাই বিপ্লবের স্থিরচিত্র, ফাইল ফটো।

তালিকা তৈরির প্রক্রিয়ায় অসঙ্গতির অভিযোগের প্রেক্ষিতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ফারুক ই আজম বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রেরিত তথ্যের ভিত্তিতেই শহীদের তালিকা তৈরি করা হয়েছে। তবে যাচাই-বাছাই প্রক্রিয়া চলমান আছে।

২০২৫ সালের “জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ” অনুযায়ী, শুধু সেইসব মানুষই তালিকাভুক্ত হতে পারবেন যারা তৎকালীন সরকারের বাহিনী বা শাসক দলের সদস্যদের আক্রমণে নিহত বা আহত হয়েছেন।

তবে প্রকাশিত তালিকায় এই সংজ্ঞার বাইরে থাকা ব্যক্তিদের নামও উঠে এসেছে বলে অভিযোগ পাওয়া গেছে। সমালোচনার মুখে মন্ত্রণালয় জানিয়েছে, ভুয়া শহীদ বা যোদ্ধাদের শনাক্ত করে তালিকা থেকে বাদ দেওয়া হবে এবং তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে যারা মিথ্যা তথ্য দিয়ে অর্থসুবিধা নিয়েছেন, তাদের কাছ থেকে সেই অর্থ ফেরত আদায় করা হবে।

মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. ফারুক ই আজম জানান, “এটি চলমান প্রক্রিয়া। প্রতিটি নাম পৃথকভাবে যাচাই করা হচ্ছে। ভুয়া প্রমাণিত হলে তারা বাদ পড়বেন এবং নতুন করে গেজেট প্রকাশ করা হবে।”

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৭:১১ পিএম
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৪৩২ জন। শনিবার স্বাস্থ্য অধিদফতরের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চলতি বছর দেশে ডেঙ্গুতে এ পর্যন্ত ২১৪ জনের মৃত্যু হয়েছে। এ সময়ের মধ্যে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন মোট ৭১ হাজার ৫৩৬ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিনজনের মধ্যে দুজন ঢাকা বিভাগে এবং একজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার বাসিন্দা। মৃতদের মধ্যে দুজন পুরুষ ও একজন নারী রয়েছেন।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৭:০৯ পিএম
২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৬৪ জন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। শনিবার স্বাস্থ্য অধিদফতরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছর দেশে হাম ও হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৮৭ জনে। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছেন ১০১ জন। আর হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৯৮৬ জনের।

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা, খুলনা ও কুমিল্লা জেলায় একজন করে মারা গেছেন।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

এদিকে একই সময়ে ৮৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছরে দেশে নিশ্চিতভাবে হাম আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২১ হাজার ৯৯ জনে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় আরও ৯৮০ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। ফলে এ পর্যন্ত দেশে সন্দেহভাজন হামে আক্রান্তের মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৮৬ হাজার ৮১৩ জনে।

রাজধানীর বহুতল ভবনে আগুন

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৪৭ পিএম
রাজধানীর বহুতল ভবনে আগুন

রাজধানীর বনানীতে একটি বহুতল ভবনে আগুন লেগেছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে বনানীর এফ আর টাওয়ারের পাশের আহমেদ টাওয়ার নামের একটি ভবনে এ অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে ইতোমধ্যে ফায়ার সার্ভিসের ২ ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।

তবে তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত কীভাবে সে বিষয়ে কিছু জানা যায়নি। এ ছাড়া অগ্নিকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার গণমাধ্যমকর্মীদের কে অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

তিনি জানান, বিকেল ৫টা ৩৬ মিনিটের দিকে বনানীর ২৬ তলা ওই ভবনটিতে আগুনের খবর পাওয়া যায়। ইতোমধ্যে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।

প্রবাহ বাংলা নেটওয়ার্ক