শতভাগ জিপিএ-৫ পেয়ে দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস
এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে ধারাবাহিকভাবে অর্জিত সাফল্যের ধারা অব্যাহত রেখেছে নরসিংদীর নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস। ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় প্রতিষ্ঠানটি থেকে ৩৮২ জন শিক্ষার্থী অংশ নিয়ে শতভাগ পাসসহ সবাই জিপিএ-৫ পাওয়ার গৌরব অর্জন করেছে।
সোমবার দুপুর ১২টায় অনলাইনে ফলাফল প্রকাশের পর বিষয়টি নিশ্চিত করেন স্কুলের প্রধান শিক্ষক মো. ইমন হোসেন। এর আগে ২০২২, ২০১৭, ২০১৫ ও ২০২৫ সালেও শতভাগ পাস ও শতভাগ জিপিএ-৫ পেয়েছিল প্রতিষ্ঠানটি।
বিদ্যালয়ের প্রশাসনিক শাখা সূত্রে জানা যায়, বিজ্ঞান বিভাগ থেকে ৩৭৬ জন ও ব্যবসায় শিক্ষা শাখা থেকে ৬ জন পরীক্ষার্থী অংশ নিয়েছিল। ২০০৮ সালে প্রতিষ্ঠার পর থেকে পিইসি, জেএসসি ও এসএসসিতে টানা শতভাগ পাস ও জিপিএ-৫ প্রাপ্তিতে নরসিংদীর এই প্রতিষ্ঠানটি দেশজুড়ে সুনাম বজায় রেখে আসছে।
শিক্ষার্থীরা জানায়, দেশের নানা প্রতিকূল পরিস্থিতির মধ্যেও শিক্ষকদের নিরলস পরিশ্রম, বিশেষ ক্লাস, নিয়মিত হোম ভিজিট এবং সময়োপযোগী দিকনির্দেশনার কারণেই তারা এমন সেরা ফলাফল অর্জন করতে পেরেছে।
প্রতিষ্ঠানের ধারাবাহিক এই অর্জনে সন্তোষ প্রকাশ করে প্রতিষ্ঠাতা সভাপতি ও থার্মেক্স গ্রুপ-এর চেয়ারম্যান আবদুল কাদির মোল্লা জানান, মানসম্মত শিক্ষা প্রদানের অঙ্গীকার নিয়েই তিনি ও তাঁর সহধর্মিণী নাছিমা বেগম স্কুলটি প্রতিষ্ঠা করেছিলেন। পরিচালনা পর্ষদ, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের নিবিড় সমন্বয়ের কারণেই এই ধারাবাহিক সফলতা সম্ভব হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
প্রধান শিক্ষক মো. ইমন হোসেন বলেন, সুনির্দিষ্ট দিকনির্দেশনা, শিক্ষক-শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম এবং পরিচালনা পর্ষদের যুগোপযোগী চিন্তাভাবনার ফলেই প্রতিবছরই তারা এমন ঈর্ষণীয় সফলতা অর্জন করছেন।
উল্লেখ্য, বর্তমানে ১৭৪ জন শিক্ষক-শিক্ষিকার সার্বিক তত্ত্বাবধানে কঠোর শৃঙ্খলা ও নিয়মানুবর্তিতার মধ্য দিয়ে পরিচালিত এই প্রতিষ্ঠানে প্রায় ৫ হাজার ২০০ জন শিক্ষার্থী পড়াশোনা করছে।












