মিরপুরে ফ্ল্যাট পাবেন জুলাই আন্দোলনে শহীদ ও আহত পরিবার – গণপূর্ত প্রতিমন্ত্রী
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্য এবং আহত যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর জানিয়েছেন, রাজধানীর মিরপুরে তাদের পুনর্বাসনের জন্য ১৫টি আধুনিক আবাসিক ভবন নির্মাণ করা হচ্ছে। নির্মাণকাজ শেষ হলে শহীদ পরিবারের সদস্য ও গুরুতর আহত যোদ্ধাদের বিনামূল্যে ফ্ল্যাট বরাদ্দ দেওয়া হবে।
বুধবার (৫ আগস্ট) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে ভাণ্ডারিয়া পৌরসভা অডিটরিয়ামে আয়োজিত ‘জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা’য় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, জুলাই আন্দোলনে আত্মত্যাগকারীদের অবদান জাতি চিরদিন স্মরণে রাখবে। তিনি দাবি করেন, আন্দোলনের মূল নেতৃত্ব ও দিকনির্দেশনা প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছ থেকে এসেছে। আন্দোলনের সাফল্য দৃশ্যমান হওয়ার পর বিভিন্ন রাজনৈতিক দল এ বিষয়ে ভিন্ন ভিন্ন বক্তব্য দিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
সরকারের পুনর্বাসন পরিকল্পনার বিষয়ে আহমেদ সোহেল মঞ্জুর বলেন, জুলাই আন্দোলনের শহীদ ও আহতদের প্রতি সম্মান জানাতে সরকার বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করছে। এরই অংশ হিসেবে গণপূর্ত মন্ত্রণালয়ের বিশেষ উদ্যোগে মিরপুরে ১৫টি আধুনিক ভবন নির্মাণের কাজ চলছে। এসব ভবন প্রস্তুত হলে জুলাই আন্দোলনে শহীদ পরিবার এবং গুরুতর আহত যোদ্ধাদের বিনামূল্যে ফ্ল্যাট দেওয়া হবে।
তিনি আরও বলেন, দেশের বিভিন্ন রাজনৈতিক সংকট ও স্বৈরাচারবিরোধী আন্দোলনে পিরোজপুর এবং ভাণ্ডারিয়ার মানুষের ভূমিকা গুরুত্বপূর্ণ। সরকারের উন্নয়ন কার্যক্রম এবং জুলাই যোদ্ধাদের কল্যাণে নেওয়া পরিকল্পনাগুলো দ্রুত বাস্তবায়নের আশ্বাসও দেন তিনি।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাসিবুল হাসানের সভাপতিত্বে এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উজ্জ্বল হালদারের সঞ্চালনায় বক্তব্য দেন ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জগলুল হাসান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনির হোসেন আকন, জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসভাপতি মো. জুয়েল মৃধা, উপজেলা যুবদলের সদস্যসচিব মো. শামীম হাওলাদার, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক রনি মোল্লাসহ স্থানীয় নেতারা।
অনুষ্ঠান শেষে জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্য ও আহত যোদ্ধাদের হাতে সরকারের পক্ষ থেকে বিশেষ সম্মাননা স্মারক এবং আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হয়।
এর আগে প্রতিমন্ত্রী জুলাই আন্দোলনের শহীদ এমদাদুল হকের কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। পরে তিনি ফাতেহা পাঠ, জিয়ারত এবং শহীদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।












