পাঁচ মাসেও দেশের প্রত্যাশিত পরিবর্তন হয়নি – মির্জা ফখরুল
স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার দায়িত্ব নেওয়ার পাঁচ মাস পার হলেও দেশের বিভিন্ন ক্ষেত্রে প্রত্যাশিত পরিবর্তন দৃশ্যমান হয়নি। এখনো ঘুষের মতো অনিয়ম বন্ধ হয়নি। তাই জুলাইয়ের চেতনা ধারণ করে রাষ্ট্র ও সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে হবে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) রাজধানীর ডিএফপি অডিটোরিয়ামে জুলাই শহিদ দিবস উপলক্ষে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, দেশের ইতিহাসে যখনই পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে, তখনই মানুষকে আত্মত্যাগ করতে হয়েছে। জুলাইয়ের আন্দোলনের মূল্যবোধ বাস্তবায়নের মাধ্যমে সেই আত্মত্যাগের মর্যাদা রক্ষা করতে হবে। অন্যথায় সন্তানহারা মায়েদের অশ্রু বৃথা যাবে।
তিনি আরও বলেন, সরকার গঠনের পাঁচ মাস অতিক্রম করলেও বহু ক্ষেত্রে কাঙ্ক্ষিত পরিবর্তন হয়নি। শুধু রাষ্ট্রীয় প্রতিষ্ঠান নয়, নিজেদের মধ্যেও প্রয়োজনীয় পরিবর্তন এখনো আসেনি। তবে তারেক রহমান পরিবর্তনের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন বলেও মন্তব্য করেন তিনি।
মির্জা ফখরুল বলেন, সমাজের প্রতিটি স্তরে পরিবর্তনের মানসিকতা গড়ে তুলতে পারলে জুলাইয়ের আন্দোলনের লক্ষ্য ও সফলতা বাস্তব অর্থে প্রতিষ্ঠিত হবে।












