‘ফুয়েল পাস’ নিয়ে নতুন বার্তা জ্বালানি মন্ত্রণালয়ের
মোটরসাইকেল মালিকদের জ্বালানি সংগ্রহ প্রক্রিয়া সহজ ও স্বচ্ছ করতে ‘ফুয়েল পাস বিডি’ অ্যাপের পাইলটিং কার্যক্রম আরও বিস্তৃত করেছে সরকার।
শনিবার (১৮ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এখন থেকে ঢাকা ও ঢাকা মেট্রোসহ দেশের মোট ১২টি জেলার মোটরসাইকেল মালিকরা এই অ্যাপে নিবন্ধনের সুযোগ পাবেন। অন্তর্ভুক্ত জেলাগুলোর মধ্যে রয়েছে ঢাকা, চাঁদপুর, চট্টগ্রাম, বরিশাল, খুলনা, রাজশাহী ও ময়মনসিংহসহ সংশ্লিষ্ট মেট্রো এলাকা।
রাজধানী ঢাকায় কার্যক্রমটি আরও সম্প্রসারণ করা হয়েছে। আজ থেকে ঢাকা জেলার ১৮টি পেট্রোল পাম্পে এই পাইলটিং কার্যক্রম চালু করা হয়েছে, যা আগে সীমিত পরিসরে ছিল।
জ্বালানি বিভাগ জানিয়েছে, এই উদ্যোগের মাধ্যমে জ্বালানি সরবরাহ ব্যবস্থাকে আরও সুশৃঙ্খল ও আধুনিক করা হবে। দীর্ঘদিনের অনিয়ম ও অব্যবস্থাপনা কমিয়ে গ্রাহকদের জন্য জ্বালানি প্রাপ্তি সহজ করা এবং তদারকি বাড়ানোই এর মূল লক্ষ্য।
এই প্রকল্পটি বাস্তবায়ন করছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি), যেখানে কিউআর কোডভিত্তিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে।
উল্লেখ্য, গত ৯ এপ্রিল পরীক্ষামূলকভাবে এই কার্যক্রম চালু করা হয়, যা শুরুতে শুধুমাত্র মোটরসাইকেল ব্যবহারকারীদের জন্য সীমাবদ্ধ ছিল। সংশ্লিষ্টরা জানিয়েছেন, পাইলট প্রকল্প ইতোমধ্যে সফলভাবে এগোচ্ছে এবং পর্যায়ক্রমে এটি দেশের সব ধরনের যানবাহনের জন্য চালু করা হবে।











