রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

উচ্ছেদের নামে রাজধানীতে চলছে পুলিশ-হকারদের ‘ইঁদুর-বিড়াল’ খেলা

প্রবাহ বাংলা ডেস্ক ঢাকা, বাংলাদেশ প্রকাশিত: রবিবার, ১২ এপ্রিল, ২০২৬, ১২:৩৮ পিএম
উচ্ছেদের নামে রাজধানীতে চলছে পুলিশ-হকারদের ‘ইঁদুর-বিড়াল’ খেলা

রাজধানীজুড়ে ফুটপাত দখলমুক্ত করতে ডিএমপির ধারাবাহিক অভিযান চলছে। তবে উচ্ছেদের পর কিছুক্ষণ ফুটপাত ফাঁকা থাকলেও অল্প সময়ের ব্যবধানে আবারও হকারদের দখলে ফিরে যাচ্ছে একই স্থানগুলো। এতে নগরজুড়ে পুলিশ-হকারদের মাঝে চলছে এক ধরনের ‘ইঁদুর–বিড়াল’ খেলা।

ফার্মগেট, গুলিস্তান ও নিউ মার্কেটসহ রাজধানীর বিভিন্ন ব্যস্ত এলাকায় সম্প্রতি উচ্ছেদ অভিযান চালায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। অভিযান চলাকালে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ফুটপাত পরিষ্কার করা হয়। কিন্তু পরদিনই অনেক জায়গায় আবার আগের মতো হকার বসে যেতে দেখা গেছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন এলাকাতেও একই চিত্র। পুলিশি উপস্থিতি টের পেলেই হকাররা দ্রুত মালামাল সরিয়ে নেয়, কিন্তু অভিযান শেষ হলেই আবার ফুটপাতে বসে পড়ে।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

একজন হকার বলেন, তারা জীবিকার তাগিদেই ফুটপাতে ব্যবসা করছেন এবং কোনো বিকল্প ব্যবস্থা না থাকায় এই পেশা ছাড়তে পারছেন না।

আরেক হকার জানান, পুনর্বাসন ছাড়া উচ্ছেদ করলে হাজারো পরিবার ক্ষতিগ্রস্ত হবে, তাই আগে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

অন্যদিকে ডিএমপি বলছে, ফুটপাত দখলমুক্ত রাখতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, অভিযান শেষে তথ্য ও প্রমাণ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পাঠানো হচ্ছে এবং এই কার্যক্রম চলমান থাকবে।

নগর পরিকল্পনাবিদরা বলছেন, শুধু উচ্ছেদ দিয়ে স্থায়ী সমাধান সম্ভব নয়। হকারদের জন্য নির্দিষ্ট জোন, পুনর্বাসন ও নিয়ন্ত্রিত বাজার ব্যবস্থা গড়ে তুলতে হবে। তাদের মতে, পরিকল্পিত ব্যবস্থা না থাকলে উচ্ছেদ–পুনর্দখলের এই চক্র চলতেই থাকবে।

সব মিলিয়ে রাজধানীর ফুটপাত দখলমুক্ত করার উদ্যোগ চললেও বাস্তব চিত্রে পরিবর্তন খুব একটা আসেনি। ফলে হকার, পুলিশ ও নগরবাসীর মধ্যে টানাপোড়েন অব্যাহত রয়েছে।

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৭:১১ পিএম
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৪৩২ জন। শনিবার স্বাস্থ্য অধিদফতরের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চলতি বছর দেশে ডেঙ্গুতে এ পর্যন্ত ২১৪ জনের মৃত্যু হয়েছে। এ সময়ের মধ্যে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন মোট ৭১ হাজার ৫৩৬ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিনজনের মধ্যে দুজন ঢাকা বিভাগে এবং একজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার বাসিন্দা। মৃতদের মধ্যে দুজন পুরুষ ও একজন নারী রয়েছেন।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৭:০৯ পিএম
২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৬৪ জন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। শনিবার স্বাস্থ্য অধিদফতরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছর দেশে হাম ও হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৮৭ জনে। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছেন ১০১ জন। আর হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৯৮৬ জনের।

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা, খুলনা ও কুমিল্লা জেলায় একজন করে মারা গেছেন।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

এদিকে একই সময়ে ৮৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছরে দেশে নিশ্চিতভাবে হাম আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২১ হাজার ৯৯ জনে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় আরও ৯৮০ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। ফলে এ পর্যন্ত দেশে সন্দেহভাজন হামে আক্রান্তের মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৮৬ হাজার ৮১৩ জনে।

রাজধানীর বহুতল ভবনে আগুন

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৪৭ পিএম
রাজধানীর বহুতল ভবনে আগুন

রাজধানীর বনানীতে একটি বহুতল ভবনে আগুন লেগেছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে বনানীর এফ আর টাওয়ারের পাশের আহমেদ টাওয়ার নামের একটি ভবনে এ অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে ইতোমধ্যে ফায়ার সার্ভিসের ২ ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।

তবে তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত কীভাবে সে বিষয়ে কিছু জানা যায়নি। এ ছাড়া অগ্নিকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার গণমাধ্যমকর্মীদের কে অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের Google News ফলো করুন এবং নিয়মিত আপডেটের জন্য WhatsApp Channel–এ যুক্ত থাকুন।

তিনি জানান, বিকেল ৫টা ৩৬ মিনিটের দিকে বনানীর ২৬ তলা ওই ভবনটিতে আগুনের খবর পাওয়া যায়। ইতোমধ্যে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।

প্রবাহ বাংলা নেটওয়ার্ক