বন্ধ দুই পাম্পে অভিযান, মিললো প্রায় ৫৪ হাজার লিটার জ্বালানি তেল
ফরিদপুর সদর-এ বন্ধ থাকা দুটি ফিলিং স্টেশনে অভিযান চালিয়ে প্রায় ৫৪ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে। এ সময় একটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয় এবং অন্যটিকে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়।
শনিবার (২৮ মার্চ) দুপুর থেকে বিকেল পর্যন্ত জেলা সদরের বিভিন্ন ফিলিং স্টেশনে অবৈধ মজুতের অভিযোগে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, পেট্রোলিয়াম পণ্য মজুত করে ভোক্তা পর্যায়ে সরবরাহ বন্ধ রাখার অভিযোগে এই অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেসকাতুল জান্নাত রাবেয়া। অভিযানে অংশ নেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শফিকুল ইসলাম, সহকারী কমিশনার দীপ্ত চক্রবর্তী ও সাকিব রহমান আকাশ।
ঢাকা-খুলনা মহাসড়কের কানাইপুর এলাকায় অবস্থিত হোসেন ফিলিং স্টেশনে অভিযান চালিয়ে পাম্পটি বন্ধ অবস্থায় পাওয়া যায়। পরে ট্যাংক পরীক্ষা করে প্রায় ২৮ হাজার লিটার জ্বালানির অবৈধ মজুত উদ্ধার করা হয়। এর মধ্যে ৭ হাজার লিটার পেট্রোল, সাড়ে ৬ হাজার লিটার অকটেন এবং সাড়ে ১৪ হাজার লিটার ডিজেল ছিল। অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রতিষ্ঠানটির ম্যানেজার সাবির চৌধুরীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তেল সরবরাহ চালু করার নির্দেশ দেওয়া হয়।
এছাড়া একই মহাসড়কের রয়েল ফিলিং স্টেশনেও অভিযান চালিয়ে ২৫ হাজার ৯০০ লিটার জ্বালানি তেলের মজুত পাওয়া যায়। এর মধ্যে সাড়ে ৩ হাজার লিটার পেট্রোল, ৩ হাজার ৪০০ লিটার অকটেন এবং ১৯ হাজার লিটার ডিজেল ছিল। তবে পাম্প কর্তৃপক্ষ মেশিনের সমস্যার কথা উল্লেখ করে ক্ষমা প্রার্থনা করায় তাদের জরিমানা করা হয়নি। বরং তাৎক্ষণিকভাবে সরবরাহ চালু করতে নির্দেশ দেওয়া হয়।
ইউএনও মেসকাতুল জান্নাত রাবেয়া জানান, ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং বর্তমানে স্বাভাবিকভাবে তেল সরবরাহ করা হচ্ছে।








