সাজা শেষে দেশে ফিরলেন ৩৩ বাংলাদেশি
ভারতে পাচারের শিকার হয়ে বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে ৩৩ জন বাংলাদেশি নারী, পুরুষ ও শিশুকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। রোববার (২২ মার্চ) সন্ধ্যায় যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে আনা হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়, কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশন এবং পশ্চিমবঙ্গের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বিত উদ্যোগে এই প্রত্যাবাসন সম্পন্ন হয়।
জানা গেছে, তারা বিভিন্ন সময় অবৈধভাবে ভারতে প্রবেশের পর আটক হন এবং সাজাভোগ শেষে সেখানকার বিভিন্ন সেফ হোমে অবস্থান করছিলেন। পরে নাগরিকত্ব যাচাই করে ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদের দেশে ফেরত পাঠানো হয়।
কলকাতার বাংলাদেশ উপহাইকমিশনের প্রতিনিধিরা বেনাপোল-পেট্রাপোল নোম্যান্সল্যান্ডে স্থানীয় প্রশাসন, বিজিবি ও পুলিশের কাছে তাদের হস্তান্তর করেন।
এ সময় সীমান্তে বিজিবি, স্থানীয় এনজিও প্রতিনিধি, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী ও সংশ্লিষ্ট সরকারি সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
যশোর জাস্টিস অ্যান্ড কেয়ারের কর্মকর্তারা জানান, উদ্ধার হওয়া এসব ব্যক্তিকে গ্রহণ করে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশ জানায়, ট্রাভেল পারমিটে দেশে ফেরা এসব নারী-পুরুষ ও শিশুকে প্রাথমিক কার্যক্রম শেষে পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।











