হত্যা মামলায় সেলিনা হায়াৎ আইভীকে নতুন করে শোন অ্যারেস্ট
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী-কে সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা একটি হত্যা মামলায় নতুন করে গ্রেফতার (শোন অ্যারেস্ট) দেখানো হয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ইন্টেরিয়র মিস্ত্রি সেলিম মণ্ডলকে পুড়িয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় তাকে শোন অ্যারেস্ট দেখানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী।
তিনি জানান, সিদ্ধিরগঞ্জ থানার মামলা নম্বর ৪১-এ সেলিম মণ্ডল হত্যা ঘটনায় আইভীর সংশ্লিষ্টতার অভিযোগে তাকে গ্রেফতার দেখানো হয়েছে।
এর আগে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী ফতুল্লা থানায় দায়ের করা বাসচালক আবুল হোসেন মিজি, আব্দুর রহমান, মো. ইয়াছিন ও পারভেজ হত্যা মামলায় এবং সদর মডেল থানার হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার মামলায় জামিন পান।
মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ২০ জুলাই চিটাগাং রোড এলাকার ডাচ-বাংলা ব্যাংক লিমিটেডের নিচতলায় অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে ব্যাংকের ইন্টেরিয়র ডেকোরেশনের কাজে নিয়োজিত সেলিম মণ্ডলসহ তিন শ্রমিক আগুনে পুড়ে নিহত হন।
এই ঘটনায় কৃষক ওয়াজেদ আলী বাদী হয়ে ৩০ জুন সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত করছেন থানার উপ-পরিদর্শক (এসআই) মাছুম বিল্লাহ। তদন্তে আইভীর সম্পৃক্ততার অভিযোগ ওঠায় তাকে শোন অ্যারেস্ট দেখানোর আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করেন।
উল্লেখ্য, গত বছরের ৯ মে ভোরে শহরের দেওভোগ এলাকার চুনকা কুটির থেকে সেলিনা হায়াৎ আইভীকে গ্রেফতার করা হয়। এরপর একের পর এক মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। গত বছরের নভেম্বর মাসে হাইকোর্ট তাকে পাঁচ মামলায় জামিন দিলেও আপিল বিভাগে তা স্থগিত হয়। পরবর্তীতে ফতুল্লা ও সদর থানার আরও পাঁচ মামলায় তাকে পুনরায় গ্রেফতার দেখানো হয়।











