মাদকাসক্ত ছেলেকে হত্যার পর থানার আত্মসমর্পণ করলেন বাবা
ঝালকাঠির কাঠালিয়া উপজেলার ছোনাউটা গ্রামে মাদকাসক্ত ছেলেকে হত্যার অভিযোগে বাবা নিজেই থানায় আত্মসমর্পণ করেছেন।
ঘটনাস্থল সূত্রে জানা যায়, নিহত মেহেদী হাসান শুভ খান (২৫) দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। নেশার টাকার জন্য তিনি প্রায়ই বাবাকে চাপ দিতেন। শনিবার সন্ধ্যা ৭টায় মোটরসাইকেল কেনার জন্য বাবার কাছে তিন লাখ টাকা দাবি করেন। টাকা দিতে অপারগতা প্রকাশ করলে তাঁদের মধ্যে ঝগড়া হয়।
স্থানীয়দের বরাতে জানা গেছে, ঝগড়ার একপর্যায়ে শুভ আমুয়া বাজার থেকে একটি ধারালো দা কিনে এনে বাবাকে হত্যার হুমকি দেন। রাতের দিকে ঘরে ঘুমাতে গেলে, অভিযোগ অনুসারে বাবা মো. বারেক খান ক্ষোভের বশে ঘুমন্ত ছেলেকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেন।
ঘটনার খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে এবং পরে অভিযুক্ত বাবা নিজেই থানায় আত্মসমর্পণ করেন।
ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার (রাজাপুর সার্কেল) শাহ আলম জানান, “অভিযুক্তকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”









