ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে উত্থাপিত ৬৬৬ কোটি টাকা লুটপাটের অভিযোগ সংসদে গিয়ে বিচারের আওতায় আনার ঘোষণা দিয়েছেন আমজনতার দলের সদস্যসচিব ও ঢাকা-১২ আসনের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মো. তারেক রহমান। তিনি বলেছেন, এ বিষয়ে তিনি কোনো ধরনের ছাড় দেবেন না।
ফেসবুকে আপলোড করা এক নির্বাচনী জনসংযোগমূলক ভিডিওতে এসব কথা বলেন তারেক রহমান। ভিডিও বক্তব্যে তিনি উল্লেখ করেন, তিনি সংসদ সদস্য হিসেবে পার্লামেন্টে যান বা না যান—ড. ইউনূসকে আইনের মুখোমুখি করা হবে।
তারেক রহমান বলেন, রাষ্ট্র ও জনগণের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে জবাবদিহি নিশ্চিত করাই তার রাজনৈতিক অঙ্গীকার। অভিযোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে বিচার হওয়া প্রয়োজন বলেও তিনি মন্তব্য করেন।
নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে দেওয়া ওই ভিডিও বক্তব্য ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট পক্ষের কোনো প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি।