ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র তিন দিন আগে ঢাকা-১৮ আসন থেকে প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।
রোববার রাত সাড়ে ১২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।
পোস্টে মাহমুদুর রহমান মান্না জানান, বর্তমানে তিনি বগুড়ায় অবস্থান করছেন। ঢাকা-১৮ আসনে নির্বাচন পরিচালনা অত্যন্ত ব্যয়বহুল হওয়ায় প্রতিদ্বন্দ্বিতা চালিয়ে যাওয়া তার পক্ষে সম্ভব নয় বলে তিনি উল্লেখ করেন।
তিনি লেখেন, বিশেষ পরিস্থিতিতে তিনি ঢাকা-১৮ এবং বগুড়া-২ আসন থেকে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে ঢাকা-১৮ একটি বড় নির্বাচনী এলাকা, যেখানে প্রায় সাড়ে সাতটি থানা ও প্রায় সাড়ে ছয় লাখ ভোটার রয়েছে। এত বড় এলাকায় নির্বাচন পরিচালনার ব্যয় বহন করা তার পক্ষে সম্ভব নয়। এ কারণে তিনি ঢাকা-১৮ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। এ সিদ্ধান্তে কেউ কষ্ট পেলে তিনি দুঃখ প্রকাশ করেন।
উল্লেখ্য, ঢাকা-১৮ আসনে মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র শুরু থেকেই বৈধ ছিল। রাজধানীর উত্তরা, খিলক্ষেত, কুড়িল, উত্তরখান, দক্ষিণখান ও তুরাগ এলাকা নিয়ে গঠিত এই আসনে বিএনপির এস এম জাহাঙ্গীর হোসেন, জামায়াতে ইসলামীর মুহাম্মদ আশরাফুল হক এবং জাতীয় নাগরিক পার্টির আরিফুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করছেন।
অন্যদিকে, মাহমুদুর রহমান মান্না বগুড়া-২ (শিবগঞ্জ) আসন থেকেও নির্বাচনে অংশ নিচ্ছেন। যদিও শুরুতে ঋণখেলাপির অভিযোগে সেখানে তার প্রার্থিতা বাতিল হয়েছিল, পরে নির্বাচন কমিশনে আপিল করে তিনি প্রার্থিতা ফিরে পান। বগুড়া-২ আসনে প্রথমে বিএনপি তাকে সমর্থনের ঘোষণা দিলেও পরবর্তীতে দলটি নিজেদের প্রার্থী হিসেবে মীর শাহে আলমকে মনোনয়ন দেয়। এ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে রয়েছেন আবুল আজাদ মোহাম্মদ শাহাদুজ্জামান।