ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) জাতির উদ্দেশে ভাষণ দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) তাদের ভাষণ সম্প্রচার করবে।
বিটিভি সূত্রে জানা গেছে, আজ সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ভাষণ প্রচার করা হবে। এরপর সন্ধ্যা ৭টা থেকে ৮টার মধ্যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ভাষণ সম্প্রচারিত হবে।
এছাড়া আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের ভাষণও বিটিভিতে সম্প্রচার হওয়ার কথা রয়েছে। তাঁর ভাষণ সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে প্রচারের সূচিতে রয়েছে বলে জানা গেছে।
এর আগে গতকাল রোববার (৮ ফেব্রুয়ারি) বিটিভিতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণ সম্প্রচার করা হয় এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের (চরমোনাই পীর)। এদিন সন্ধ্যা ৬টায় চরমোনাই পীরের ভাষণ এবং সন্ধ্যা ৭টায় নাহিদ ইসলামের ভাষণ প্রচার করে বাংলাদেশ টেলিভিশন।
নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী আসন্ন নির্বাচনে সমান প্রচারণার সুযোগ নিশ্চিত করতে রাষ্ট্রীয় টেলিভিশনে রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের ভাষণ সম্প্রচারের ব্যবস্থা করা হয়েছে।