স্পেনে বসবাসরত সম্মানিত বাংলাদেশি নাগরিকদের উদ্দেশে একটি জরুরি সতর্কবার্তা জারি করেছে বাংলাদেশ দূতাবাস। সতর্কবার্তায় ভুয়া, জাল বা অসত্য নথিপত্র ব্যবহার, দাখিল বা প্রস্তুত করা থেকে সবাইকে কঠোরভাবে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।
দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়, ভুয়া বা জাল পুলিশ রিপোর্ট, পুলিশের ক্লিয়ারেন্স সনদ কিংবা অন্য কোনো নকল ডকুমেন্টস প্রস্তুত, দাখিল বা ব্যবহার করা স্পেন ও বাংলাদেশের আইন অনুযায়ী ফৌজদারি অপরাধ। এ ধরনের কর্মকাণ্ড ব্যক্তির নিজের জন্য যেমন ক্ষতিকর, তেমনি স্পেনপ্রবাসী বাংলাদেশি কমিউনিটির সামগ্রিক সুনাম ও দেশের ভাবমূর্তির জন্যও মারাত্মক ক্ষতির কারণ হতে পারে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, জাল বা ভুয়া নথিপত্র ব্যবহারের ফলে প্রবাসীদের আইনগত অবস্থান, অভিবাসন প্রক্রিয়া এবং ভবিষ্যৎ সম্ভাবনা মারাত্মকভাবে ঝুঁকির মুখে পড়তে পারে। ইমিগ্রেশনসহ সংশ্লিষ্ট সব বিষয়ে সঠিক ও সত্য তথ্য এবং বৈধ ডকুমেন্টস উপস্থাপন করলে আবেদনকারীর আবাসন ও বৈধকরণ প্রক্রিয়া আরও সহজ ও সম্ভাবনাময় হয় বলে জানানো হয়েছে।
দূতাবাস স্পষ্টভাবে জানিয়েছে, সর্বাবস্থায় স্পেনের আইন মেনে চলা, যে কোনো ধরনের দুর্নীতিকে না বলা এবং দালালচক্রের প্রলোভন থেকে সতর্ক থাকার কোনো বিকল্প নেই। সততাই সর্বোচ্চ পথ—এই বার্তাটি গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়েছে বিজ্ঞপ্তিতে।
শেষে জানানো হয়, স্পেনপ্রবাসী বাংলাদেশিদের সর্বোচ্চ কল্যাণ ও স্বার্থ সংরক্ষণে দূতাবাস সর্বদা আন্তরিকভাবে কাজ করে যাবে এবং ভবিষ্যতেও সর্বোচ্চ মানের সেবা প্রদান অব্যাহত রাখবে। বিজ্ঞপ্তিতে সবাইকে সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ জানানো হয়েছে।