বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের পুনর্গঠন এবং মানুষের জীবনমান উন্নয়নই তার দলের প্রধান লক্ষ্য। রোববার (৮ ফেব্রুয়ারি) ঢাকা-১৬ আসনের পল্লবী লাল মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নিজের জন্ম এই এলাকায় উল্লেখ করে তিনি উপস্থিত ভোটারদের ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, বিএনপি বিজয়ী হলে রাজধানীকে আরও নিরাপদ নগরীতে রূপান্তর করা হবে এবং সংশ্লিষ্ট এলাকার উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
নারীর ক্ষমতায়ন ও অর্থনৈতিক স্বাবলম্বিতা নিশ্চিত করতে ‘ফ্যামিলি কার্ড’ চালুর পরিকল্পনার কথা তুলে ধরেন তারেক রহমান। একই সঙ্গে কৃষকদের সহায়তায় ‘কৃষক কার্ড’ দেওয়ার কথাও জানান তিনি। তার ভাষ্য, কৃষক সমৃদ্ধ হলে দেশও এগিয়ে যাবে।
বিএনপির নেতা-কর্মীদের ওপর নির্যাতন ও প্রাণহানির প্রসঙ্গ টেনে তিনি বলেন, মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে অনেকেই জীবন দিয়েছেন। সামনে যে নির্বাচন আসছে, সেখানে জনগণ তাদের ভোটাধিকারের সঠিক প্রয়োগ করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সরকারি প্রকল্পের সমালোচনা করে তারেক রহমান বলেন, বড় প্রকল্পের আড়ালে বড় ধরনের দুর্নীতি হয়েছে। আগামী নির্বাচনে দেশ পরিচালনার দায়িত্ব কাদের হাতে যাবে, সে বিষয়ে ভোটারদের সচেতন সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান তিনি।