ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকার ১৪, ১৬ ও ১৮ নং আসনের ১৮ শতাংশ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত হয়েছে। এর মধ্যে দুটি অধিক ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছেন সেনাবাহিনীর মিরপুর ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এস এম ফুয়াদ মাসরুর।
শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বিষয়টি জানান। ভোটকেন্দ্রগুলোকে সাধারণ, মধ্যম ও অধিক ঝুঁকিপূর্ণ শ্রেণিতে ভাগ করে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে। ভোটারদের নির্বিঘ্ন আসা-যাওয়া নিশ্চিত করতে সেনাবাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
কমান্ডার মাসরুর জানান, ঢাকা ১৪ ও ১৬ আসন অধিক ঝুঁকিপূর্ণ। নির্বাচনী পরিবেশ শান্ত রাখতে সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে। গুজব বা মিথ্যা তথ্য ছড়িয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তিনি সাংবাদিকদের তথ্য যাচাই করে প্রচারের আহ্বান জানান, যাতে উসকানিমূলক খবর না ছড়ায়। প্রার্থী ও গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা হবে। ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে তাৎক্ষণিক আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে বলেন।