পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের শেহজাদ টাউন এলাকার তেরলাই ইমামবাড়ায় জুমার নামাজের সময় ঘটে যাওয়া বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৩১ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন অন্তত ১৩১ জন। কর্তৃপক্ষ জানিয়েছে, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।
শুক্রবার বিকেলে শিয়া উপাসনালয়টিতে বিস্ফোরণের পরপরই পুলিশ ও উদ্ধারকারী সংস্থার সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেন। গুরুতর আহতদের দ্রুত বিভিন্ন হাসপাতালে নেওয়া হচ্ছে।
ইসলামাবাদের পলিক্লিনিক হাসপাতাল, পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (পিআইএমএস) এবং সিডিএ হাসপাতালে জরুরি অবস্থা জারি করা হয়েছে। পিআইএমএস কর্তৃপক্ষ জানিয়েছে, নির্বাহী পরিচালকের নির্দেশে জরুরি বিভাগ, অর্থোপেডিক, বার্ন ইউনিট ও নিউরোলজি বিভাগ পূর্ণ প্রস্তুত রাখা হয়েছে।
বিস্ফোরণের ধরন সম্পর্কে এখনও নিশ্চিত করে কিছু জানানো হয়নি। এটি আত্মঘাতী হামলা নাকি অন্য কোনো উপায়ে বিস্ফোরণ ঘটানো হয়েছে, তা নির্ধারণে আইনশৃঙ্খলা বাহিনী ও ফরেনসিক দল তদন্ত করছে।
এর আগে ২০২৫ সালের ১১ নভেম্বর ইসলামাবাদের জি-১১ এলাকায় একটি আদালত ভবনের বাইরে আত্মঘাতী বিস্ফোরণে ১২ জন নিহত ও ৩০ জনের বেশি আহত হন। কয়েক মাসের ব্যবধানে রাজধানীতে আবারও বড় ধরনের বিস্ফোরণের ঘটনায় নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।