৯ম পে স্কেলের গেজেট প্রকাশ ও তা কার্যকর করার দাবিতে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার সামনে অবস্থান নেওয়া সরকারি কর্মচারীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ডিসি মাসুদসহ উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বেলা সোয়া ১১টার পর থেকে এই সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারগ্যাস নিক্ষেপ, জলকামান ব্যবহার এবং সাউন্ড গ্রেনেড ছোড়ে।
দুপুর ১২টার দিকে ঘটনাস্থলে উপস্থিত হন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। পরিস্থিতি আরও কঠোরভাবে নিয়ন্ত্রণে আনতে বিজিবির সদস্যদেরও মোতায়েন করা হয়। এ সময় পুলিশ বেশ কয়েকজন আন্দোলনকারীকে আটক করে।
এর আগে সকালে ৯ম পে স্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন বিভিন্ন দপ্তরের সরকারি চাকরিজীবীরা। পরে তারা সেখান থেকে মিছিল নিয়ে যমুনার দিকে রওনা দেন।
বেলা ১১টার দিকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের পাশের সড়কে পুলিশের ব্যারিকেড ভেঙে আন্দোলনকারীরা যমুনা অভিমুখে অগ্রসর হন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন।
আন্দোলনকারীদের বক্তব্য, আজকের মধ্যেই ৯ম পে স্কেলের গেজেট প্রকাশ না হলে তারা আন্দোলন থেকে সরে যাবেন না। তাদের অভিযোগ, একাধিকবার আশ্বাস দেওয়া হলেও এখনো গেজেট প্রকাশ হয়নি। অন্তর্বর্তী সরকারের সময় পে কমিশন গঠিত হলেও গেজেট জারি না হওয়ায় তারা এটিকে চরম অবিচার হিসেবে দেখছেন।
উল্লেখ্য, পরিস্থিতি মোকাবিলায় প্রধান উপদেষ্টার বাসভবন সংলগ্ন এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।