রাজধানীর মিরপুরের পল্লবী থানাধীন সেকশন-১১ এলাকার ওয়াপদা বিহারী ক্যাম্পের একটি বাসা থেকে স্বামী-স্ত্রী ও তাদের দুই শিশু সন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আলমগীর জাহান বিষয়টি নিশ্চিত করেন।
নিহতরা হলেন মোহাম্মদ মাসুম (৩৫), তার স্ত্রী ফাতেমা আক্তার সুমি (৩০), চার বছর বয়সী ছেলে মিনহাজ এবং দুই বছর বয়সী ছেলে আসাদ। তারা একই পরিবারের সদস্য।
পুলিশ জানায়, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সকাল ৮টা থেকে দুপুর ১২টার মধ্যে কোনো এক সময়ে তাদের মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর সঠিক কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ঘটনাস্থলে পুলিশ ও সিআইডির ক্রাইম সিন ইউনিট কাজ করছে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে মরদেহগুলো ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, দম্পতি টিনশেড ঘরে ভাড়া থাকতেন। স্বামী রিকশাচালক এবং স্ত্রী গৃহকর্মীর কাজ করতেন। তারা বিভিন্ন সমিতি থেকে ঋণ নিয়েছিলেন এবং নিয়মিত কিস্তির চাপ ছিল। এ ঘটনায় আত্মহত্যার সম্ভাবনার কথা কেউ কেউ বললেও পুলিশ বলছে, তদন্ত ছাড়া নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।
পল্লবী থানার ডিউটি অফিসার সহকারী উপপরিদর্শক শাহীন আলম জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। ঘটনার কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।