দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদক–২০২৬ এর জন্য একজন প্রতিষ্ঠানসহ মোট ৯ জন বিশিষ্ট ব্যক্তিকে মনোনীত করা হয়েছে। বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ এ মনোনয়ন দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ ঘোষণা দেন। উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে তিনি পদকপ্রাপ্তদের নাম প্রকাশ করেন।
চলচ্চিত্রে অবদানের জন্য মনোনীত হয়েছেন অভিনেত্রী ও প্রযোজক ববিতা। সংগীতে স্বীকৃতি পাচ্ছেন কিংবদন্তি শিল্পী, গিটারিস্ট ও সুরকার আইয়ুব বাচ্চু। ব্যান্ড সংগীতে মনোনীত হয়েছে জনপ্রিয় ব্যান্ড ওয়ারফেজ, যা একমাত্র প্রতিষ্ঠান হিসেবে এবার পদক পাচ্ছে।
এ ছাড়া চারুকলায় অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুস সাত্তার, স্থাপত্যে মেরিনা তাবাসসুম, নাট্যকলায় ইসলাম উদ্দিন পালাকার, সাংবাদিকতায় শফিক রেহমান, শিক্ষায় অধ্যাপক মাহবুবুল আলম মজুমদার, ভাস্কর্যে তেজস হালদার এবং নৃত্যকলায় অথৈ আহমেদ মনোনীত হয়েছেন।
রাষ্ট্রীয় পর্যায়ে ভাষা আন্দোলনের চেতনা ও নিজ নিজ ক্ষেত্রে অনন্য অবদানের স্বীকৃতি হিসেবেই প্রতিবছর একুশে পদক প্রদান করা হয়ে থাকে।