সিলেটে দুই কিশোরের কথাকাটাকাটি গড়িয়ে ভয়াবহ সংঘর্ষে রূপ নিয়েছে। মধ্যরাতে ঘটে যাওয়া এই ঘটনায় জড়িয়ে পড়েন পাঁচ গ্রামের মানুষ। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে নগরের তেমুখী এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে। প্রায় এক ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে ব্যাপক ইটপাটকেল নিক্ষেপ করা হয়। এতে কিছু সময়ের জন্য সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ জানায়, জালালাবাদ থানার অধীন তেমুখী এলাকার পার্শ্ববর্তী কুমারগাঁও ও সাহেবেরগাঁও গ্রামের দুই কিশোরের কথাকাটাকাটি থেকে সংঘর্ষের সূত্রপাত হয়। পরে কুমারগাঁওয়ের পক্ষ নিয়ে নাজিরেরগাঁও গ্রামের মানুষ এবং সাহেবেরগাঁওয়ের পক্ষ নিয়ে ছড়ারগাঁও ও কালিরগাঁও গ্রামের মানুষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। তবে প্রাথমিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, শুরুতে ঘটনাটিকে রাজনৈতিক সংঘর্ষ বলে ধারণা করা হলেও এখন পর্যন্ত এমন কোনো তথ্য পাওয়া যায়নি। ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ।